মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ফটক

রাজধানীর মোহাম্মদপুরে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি দোকান ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুরের সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হৃদয় মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। তিনি বর্তমানে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, সকালে মোটরসাইকেল যোগে কৃষি মার্কেট থেকে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ছিনতাইকারীরা হৃদয়ের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল এবং সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

/এসবি/