শিরোনাম

পুরান ঢাকায় যুবদল নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় যুবদল নেতা গুলিবিদ্ধ
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে নয়াবাজার পার্ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে তারা কয়েকজন বন্ধু মিলে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি সরাসরি রাসেলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

/এফআর/