শিরোনাম

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০১ জন জন এবং মতিঝিল বিভাগে ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া রমনা বিভাগ ৪৬, লালবাগ ৪৯, ওয়ারী ৬৫, তেজগাঁও ৫৩, গুলশান ৩, উত্তরা ৪৩, গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/