শিরোনাম

বীনা স্মৃতি স্নানঘাট দিয়ে বন্ধ মানুষ ও পণ্য পারাপার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বীনা স্মৃতি স্নানঘাট দিয়ে বন্ধ মানুষ ও পণ্য পারাপার
রাজধানীর বাদামতলী এলাকায় বিনা স্মৃতি স্নানঘাট

পুরান ঢাকার বীনা স্মৃতি স্নানঘাট দিয়ে সাধারণ মানুষ ও পণ্য পারাপার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পারাপার বন্ধ করা হবে। এরপর থেকে ঘাটটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যাবে।

ঘাটটি রাজধানীর বাদামতলীর ওয়াইজঘাট ও তিন ফেরিঘাটের সংলগ্ন এলাকায়। ঘাট নিয়ে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) মোবারক হোসেন মজুমদার। তিনি বলেন, বৃহস্পতিবার পুরান ঢাকার কোতোয়ালি থানা পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতা, ঘাটের ইজারাদার (তিন ফেরিঘাট) ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বীনা স্মৃতি স্নানঘাট দিয়ে সাধারণ মানুষ ও পণ্য পারাপার বন্ধ করে দেওয়া হবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ২০০২ সালে সন্ত্রাসীদের গুলিতে তৎকালীন ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনয় সরকার বীনা নিহত হওয়ার পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীনা স্মৃতি স্নানঘাট স্থাপন করা হয়। পরে ঘাটটি সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং মৃত্যুর পর বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। তবে দীর্ঘদিন ধরে ঘাটটি সাধারণ মানুষ ও পণ্য পারাপারের পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিলো।

বিনা স্মৃতি স্নানঘাটে এনে বুড়িগঙ্গা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়
বিনা স্মৃতি স্নানঘাটে এনে বুড়িগঙ্গা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়

কোতোয়ালি থানা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি শংকর সেন গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালের দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী ব্যক্তিরা ধর্মীয় কাজে ব্যবহৃত ঘাটটিকে সাধারণ গোদারা ঘাটে পরিণত করেন। এরপর অন্যান্য ঘাটের মতো এখান দিয়েও যাত্রী ও পণ্য পারাপার শুরু হয়। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার পালনে বিঘ্ন ঘটে। তারপরও ধর্মীয় প্রতিনিধিরা এর প্রতিবাদ করেননি। সেই সময় হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে বিষয়টি মেনে নিয়েছিলেন। ফলে ঘাটটির ধর্মীয় ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়নি। এখন ঘাট দিয়ে সাধারণ মানুষ ও পণ্য পারাপার বন্ধ হলে ধর্মীয় পবিত্রতা বজায় রেখে আচার-অনুষ্ঠান সুন্দরভাবে পালন করা যাবে।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (চলতি দায়িত্ব) মোবারক হোসেন বলেন, বীনা স্মৃতি ঘাটের কাছেই বিআইডব্লিউটিএর ১২০ ফুটের একটি সিঁড়িযুক্ত পন্টুন ছিলো। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শনের সময় পন্টুনটি বীনা স্মৃতি ঘাটের পাশ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরইমধ্যে পন্টুনটি সেখান থেকে সরিয়ে ওয়াইজঘাটের পাশে নেওয়া হয়েছে। ফলে বীনা স্মৃতি স্নানঘাট ব্যবহার না করেও পাশের অংশ দিয়ে সাধারণ মানুষ ও পণ্য পারাপার করতে পারবেন।

/এসআর/