শিরোনাম

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা
তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণের পর তাকে জামিন দেওয়া হয়। এদিন সকাল ১১টা ২৫ মিনিটে আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানজিন তিশার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১২ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ৫ নভেম্বর ঢাকার আদালতে মামলা করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম।

তবে অভিযোগ ওঠার পর তানজিন তিশা দাবি করেন তাকে শাড়িটি উপহার দেওয়া হয়েছিল। সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

/জেএইচ/