শিরোনাম

রাজধানীতে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু
রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন– জনি মিয়া ও আব্দুল সালাম।

শুক্রবার (২৬ জুন) ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ১৩ ও ১১ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক বাসিন্দা আটকে পড়েন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটি ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র জানিয়েছে, যে ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে রয়েছে আইনজীবীদের চেম্বার। আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামে। তার বাবার নাম সেলিম সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পাওয়ার ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পলাশী ব্যারাক স্টেশনের ২টি ইউনিট এবং সিদ্দিক বাজার স্টেশনের ৪টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নেভানো হয়েছে।

/এফসি/