গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন না করা হলে তারা নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন।

এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে।

এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ শিক্ষার্থীরা। সব মিলিয়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, ক্যাম্পাসে মিছিল নিয়ে উদ্বেগের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/জেএইচ/