তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে মঙ্গলবার রাতে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে (নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-১৩-১২১৬) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বাসের সামনের অংশ ও ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই সরকারি তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে গুলশান-আমতলী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির সামনের ও ভেতরের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে।

/এমআর/