শিরোনাম

জাবিতে বহিরাগতদের অবাধ বিচরণে নিরাপত্তা নিয়ে শঙ্কা

জাবি প্রতিনিধি
জাবিতে বহিরাগতদের অবাধ বিচরণে নিরাপত্তা নিয়ে শঙ্কা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের অবাধ বিচরণে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নানা সময়ে ক্যাম্পাসে ঘটছে অপ্রীতিকর ঘটনা। গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশ সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে।

শিক্ষার্থীর চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন।

দক্ষ ও পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরা না থাকা, ঝোপঝাড় ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটছে বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্তত সাতটি স্থানে সীমানা প্রাচীর অরক্ষিত অবস্থায় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-আল বেরুনী হলের পেছনের খেলার মাঠ সংলগ্ন এলাকা, বিশমাইল সংলগ্ন গেইট, সেন্ট্রাল ফিল্ড, মনপুরা এলাকা, জাবি স্কুল ও কলেজ সংলগ্ন এলাকা, কলাবাগান, মীর মশাররফ হোসেন হলের পাশে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকা এবং নবাব ফয়জুন্নেছা হলের সীমানা প্রাচীর। এসব অরক্ষিত পথ ব্যবহার করে বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে প্রবেশ করছে। পর্যাপ্ত আলো ও নজরদারি না থাকায় বাড়ছে মাদক সরবরাহ।

শিক্ষার্থীরা জানান, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, আপত্তিকর ছবি তোলা এমন কী চুরির মতো অপরাধও ঘটাচ্ছে। বিশেষ করে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আল বেরুনী হলের পেছনের মাঠটির প্রাচীর দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সেটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ রুট।।

এছাড়া প্রাচীর টপকে মেয়েদের হলের ভেতরে চোর প্রবেশের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১৮ এপ্রিল ২০২৬ নওয়াব ফয়জুন্নেসা হলের দেয়াল টপকে চুরি করতে আসা এক ব্যক্তিকে আটক করেছে শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এই বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, জাকসু হওয়ার আগে থেকেই আমরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে প্রশাসনকে তাগিদ দিয়ে আসছি। বারবার আশ্বস্ত করেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তা শাখার বর্তমান ডেপুটি রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী বলেন, আমাদের নিরাপত্তা শাখায় লোকবলের সংকট সবচেয়ে বেশি। ক্যাম্পাসের প্রবেশপথ অনেকগুলো হওয়ায়, নিরাপত্তা বেষ্টনী অরক্ষিত হওয়া ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের নিয়মিত অভিযান না থাকার কারণে ছিনতাইকারী ও মাদকসেবীরা সহজে ঢুকতে পারে। প্রশাসনের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে। এজন্য প্রয়োজন পর্যাপ্ত লোকবল।

/এসআর/