শিরোনাম

ঢাবির হলের গেটে ছাত্রলীগের ব্যানার, ছবি তুলেই উধাও নেতাকর্মীরা

ঢাবি সংবাদদাতা
ঢাবির হলের গেটে ছাত্রলীগের ব্যানার, ছবি তুলেই উধাও নেতাকর্মীরা
ঢাবির হলের গেটে ছাত্রলীগের ব্যানার, ছবি তুলেই উধাও নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। তবে রাতের আঁধারে ঝটিকা কায়দায় ব্যানার টানিয়ে কেবল ছবি তোলার পরপরই সেটি নিয়ে চলে যান সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জুন) ভোর ৪টা থেকে ৫টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ভোর রাতে দুটি মোটরসাইকেলে করে হলের সামনে আসেন ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী। এ সময় অত্যন্ত দ্রুততার সঙ্গে হলের গেটে একটি কালো রঙের ব্যানার টানান তারা। পরে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা হয় এবং কাজ শেষ হওয়ামাত্রই ব্যানারটি খুলে নিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। পুরো এই ‘ফটোসেশন’ ও ব্যানার টানানোর ঘটনাটি মাত্র ৫ মিনিটের মধ্যে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, জহুরুল হক হলের নামফলকের ঠিক নিচে বিশাল একটি কালো ব্যানার টানানো হয়েছে। ব্যানারে সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ব্যানারের নিচে সৌজন্যে লেখা রয়েছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল’।

ভাইরাল হওয়া ওই ছবিতে এক ব্যক্তিকে ওই ব্যানারের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার পর থেকে প্রকাশ্যে সংগঠনটির কোনো কার্যক্রম নেই। তবে নিজেদের অস্তিত্ব ও উপস্থিতি জানান দিতেই রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে এমন ঝটিকা ‘ফটোসেশন’-এর আশ্রয় নিয়েছেন ছাত্রলীগের এই নেতাকর্মীরা। ৫ মিনিটের এই আকস্মিক কর্মকাণ্ড ক্যাম্পাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

/এফআর/