শিরোনাম

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক এমরান জাহান

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক এমরান জাহান
অধ্যাপক ড. মো. এমরান জাহান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. এমরান জাহান। রবিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার।

অধ্যাপক ড. মো. এমরান জাহান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।

জানা গেছে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ পাওয়ার পর সভাপতির পদটি শূন্য হয়। পরে সমিতির গঠনতন্ত্র অনুসরণ করে সহসভাপতি অধ্যাপক এমরান জাহানকে বর্তমান কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইরীন আক্তার বলেন, শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী সভাপতির পদ শূন্য হলে সহসভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী বর্তমান সহসভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, শিক্ষক সমিতির এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমান সহসভাপতি অবশিষ্ট মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে সভাপতির দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং নির্বাহী কমিটির সব সদস্যের জন্য শুভকামনা রইলো। শিক্ষক সমিতির প্রয়োজনে আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, ভবিষ্যতেও তা করার চেষ্টা করবো।’

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫-এর নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে ২০২৬ সালের শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয় এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান কমিটির অবশিষ্ট মেয়াদে অধ্যাপক ড. মো. এমরান জাহান সভাপতির দায়িত্ব পালন করবেন।

/এফআর/