প্লট বুঝে পেতে ক্রেতার কাঠাপ্রতি বাড়তি ব্যয় সাড়ে ১৪ লাখ টাকা: টিআইবি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
প্লট বুঝে পেতে ক্রেতার কাঠাপ্রতি বাড়তি ব্যয় সাড়ে ১৪ লাখ টাকা: টিআইবি
আবাসন। ছবি: জাকির হোসেন

সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মন্দাভাব যাচ্ছে। গত এক বছরে আবাসন বাজারে ফ্ল্যাট বিক্রি ও বুকিং প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে। এদিকে ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞপ্তি মূল্যের বাইরে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে এসব অর্থ নেওয়া হয়। অন্যদিকে, চুক্তির পর অতিরিক্ত অর্থ দাবি, প্লট হস্তান্তরে বিলম্ব ও পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার মতো অভিযোগও রয়েছে।

টিআইবির ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত গবেষণাটি করা হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্লট বুঝে পেতে কাঠাপ্রতি বাড়তি খরচ ১৪ লাখ ৫০ হাজার টাকা

টিআইবি জানিয়েছে, উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জ ইত্যাদি বাবদ বিভিন্ন খাতে প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। গবেষণায় প্লট কেনা ও মালিকানা বুঝে পাওয়ার আগপর্যন্ত বিভিন্ন খাতের অতিরিক্ত ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে।

উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা এবং ইউটিলিটি ডিপোজিট বাবদ প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করতে হয়।

এছাড়া পানির সংযোগ ও প্রসেসিংয়ের জন্য ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ড্রেন ও কালভার্ট নির্মাণে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়।

অন্যদিকে বিদ্যুৎ সংযোগ ও খুঁটি স্থাপনে প্রতি কাঠায় ৪ হাজার থেকে ১০ হাজার টাকা, রোড কাটিং ও পাইপ ফিটিংয়ে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা এবং প্লটের দখল বুঝিয়ে দিতে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হয় ক্রেতাদের।

এছাড়া সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ বাবদ প্রতি কাঠায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক প্রভাব

এছাড়া, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমি, খাসজমি ও নদীসংলগ্ন জমি নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর আবাসন প্রকল্প সম্প্রসারণ ও সরকারি সম্পদ ব্যবহার করে বলেও অভিযোগ করা হয়েছে। গবেষণায় আরও উঠে এসেছে, প্রভাবশালী রাজনীতিবিদ, দলীয় নেতা বা তাদের নিকটাত্মীয়দের রিয়েল এস্টেট কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক, পদধারী বা উপদেষ্টা হিসেবে সম্পৃক্ততার মাধ্যমে কোম্পানির নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে রাজনৈতিক প্রভাব ও আইনি সুরক্ষার সুযোগ সৃষ্টি করে।

চুক্তির পরও অতিরিক্ত অর্থ দাবি

প্লট বিক্রি ও বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের চিত্রও উঠে এসেছে টিআইবির গবেষণায়। কোনো কোনো আবাসন প্রতিষ্ঠান চুক্তি সম্পন্ন হওয়ার পর প্লটের মূল্য বাড়িয়ে অতিরিক্ত অর্থ দাবি করে বলে অভিযোগ উঠেছে। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্লট হস্তান্তর বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়।

এছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করা বা মামলা পরিচালনার খরচের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি।

সাশ্রয়ী আবাসনে গুরুত্ব কম

গবেষণায় ১৫০টির বেশি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিশ্লেষণ করেছে টিআইবি। এতে দেখা গেছে, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর বিপণন কার্যক্রম মূলত উচ্চ আয়ের ও বিনিয়োগে সক্ষম ক্রেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়। বিজ্ঞাপনে বিলাসবহুল জীবনযাপন ও লাভজনক বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার উপযোগী সাশ্রয়ী আবাসন নির্মাণে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি রয়েছে।

টিআইবির সুপারিশ

বেসরকারি আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে- প্লটের বিজ্ঞপ্তিতে দেওয়া মূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও অন্যান্য অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। এছাড়া অর্থ ফেরত ও কিস্তি পরিশোধের নীতিমালাও স্পষ্টভাবে উল্লেখ করার সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের নিয়ে আন্তসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম গঠন, তাৎক্ষণিক তথ্য বিনিময় ও সব আবাসন প্রকল্পের অনুমোদন, নকশা ও ইউটিলিটি-সংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয়েছে।

/জেএইচ/