আরাভ খানকে দুবাই থেকে বহিষ্কারের নির্দেশ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আরাভ খানকে দুবাই থেকে বহিষ্কারের নির্দেশ
পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরাভ খান

বাংলাদেশে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরাভ খানকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বহিষ্কারের নির্দেশ বহাল রেখেছেন দুবাইয়ের একটি আপিল আদালত। দেশটিতে প্রায় ১১ লাখ দিরহাম মূল্যের স্বর্ণ জালিয়াতির মামলায় তার তিন মাসের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

গণমাধ্যমের হাতে আসা দুবাইয়ের আদালতের ৩৪ পৃষ্ঠার নথি পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে। আদালতের নথিতে আরাভের পরিচয় ভারতীয় নাগরিক আরাভ খান জাকির খান হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, তিনি পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।

আদালতের তথ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল ২০২৬ চার আসামির করা আপিল খারিজ করে দেন দুবাইয়ের আপিল আদালত। প্রায় ১০ লাখ ৯৭ হাজার দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকার স্বর্ণ লেনদেনে প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ মামলা হয়েছিল। আদালত প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড বহাল রাখেন। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রেখে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর দুবাইয়ের গোল্ড সুকে মালাবার গোল্ডের পেছনে অবস্থিত সারকো জুয়েলারি নামের একটি দোকানে চার কেজি সোনা বিক্রির প্রস্তাব নিয়ে যান এক ব্যক্তি। দোকানটির ব্যবস্থাপক মোহাম্মদ ইজাজের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। সোনা বিক্রির জন্য ১০ লাখ ৯৭ হাজার দিরহামে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে একটি খামে ভরে কর্মচারীদের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পাঠান ইজাজ। তাদের বানিয়াস স্কয়ারের শেখা মরিয়ম বিল্ডিংয়ের একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন ব্যক্তি নিজেদের ক্রেতাপক্ষের প্রতিনিধি পরিচয় দিয়ে টাকা গ্রহণ করেন। তাদের একজন নিজেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবেও পরিচয় দেন।

টাকা নেওয়ার পর সোনা সংগ্রহের কথা বলে দুজন ওই অফিস থেকে বেরিয়ে যান। পরে ব্যবস্থাপক পরিচয় দেওয়া ব্যক্তিও চলে যান। প্রায় এক ঘণ্টা পর কর্মচারীরা বিষয়টি ইজাজকে জানালে তিনি পুলিশে অভিযোগ করার পরামর্শ দেন।

এ ঘটনায় নায়েফ পুলিশ স্টেশনে ২০২৫ সালের ৩০৯০ নম্বর প্রতিবেদন নথিভুক্ত হয়। পরে চারজনকে গ্রেপ্তার করে প্রতারণার অভিযোগ আনা হয়। ২০২৬ সালের ১৬ মার্চ দুবাইয়ের একটি নিম্ন আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রতারণার ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল এবং প্রত্যেক আসামি আলাদা দায়িত্ব পালন করেন। আরাভ খান মধ্যস্থতাকারীর মাধ্যমে সোনা বিক্রির প্রস্তাব দেন, লেনদেনের স্থান নির্ধারণ করেন এবং পুরো কার্যক্রম সমন্বয় করেন। পাশাপাশি টাকা সংগ্রহের দায়িত্বও তার ছিল।

বাংলাদেশি নাগরিক দেবাশীষ চৌধুরী অফিসের ব্যবস্থা করেন এবং ক্রেতাদের গ্রহণ করে নিজেকে ব্যবস্থাপক পরিচয় দেন। আরেক বাংলাদেশি মোহাম্মদ রেজা আলম লেনদেনের দর-কষাকষি করেন। ভারতীয় নাগরিক সুমিত বাইনসলা দেবরাজ নগদ টাকা গ্রহণ করেন।

রায়ের বিবরণ অনুযায়ী, পরে চারজন দুবাইয়ের আল মিজহার এলাকায় আরাভ খানের বাসায় একত্র হয়ে প্রতারণার অর্থ ভাগ করে নেন। গ্রেপ্তারের সময় দেবাশীষের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার দিরহাম উদ্ধার করা হয়।

দোকান ব্যবস্থাপক ইজাজের সাক্ষ্য, চারজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আসামিদের শনাক্তকরণ প্রক্রিয়া, ফরেনসিক প্রতিবেদন এবং দেবাশীষ ও সুমিতের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এ রায় দেন। গত ২১ এপ্রিল আপিল শুনানিতে আরাভ খান আইনজীবীসহ আদালতে উপস্থিত হন। দোভাষীর মাধ্যমে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় নয়, বরং প্রমাণের সমর্থনহীন দাবি হিসেবে আসামিদের অস্বীকারকে বিবেচনা করে আদালত আপিল খারিজ করেন।

বাংলাদেশে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা

২০২৩ সালের মার্চে দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন ঘিরে বাংলাদেশে আলোচনায় আসেন আরাভ খান। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানসহ কয়েকজন পরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন।

এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরাভ খানকে গোপালগঞ্জের কোটালীপাড়ার রবিউল ইসলাম হিসেবে শনাক্ত করে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুলাইয়ে রাজধানীর বনানীতে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি।

মামুনকে বনানীর একটি ফ্ল্যাটে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে গাজীপুরের একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়। পরদিন সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর রবিউল ভারতে পালিয়ে যান। সেখানে আরাভ খান পরিচয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে পরবর্তী সময়ে দুবাইয়ে বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশও জারি করা হয়।

২০২৩ সালের মে মাসে অস্ত্র মামলায় ঢাকার একটি আদালত রবিউলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে ২০২৫ সালের ১৭ এপ্রিল পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় তাকে ও আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রবিউলের অনুপস্থিতিতেই এ বিচার সম্পন্ন হয়।

তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন রবিউল। ২০২৩ সালের মার্চে সাংবাদিকদের তিনি বলেছিলেন, হত্যাকাণ্ডের সময় তিনি বনানীর অফিসে ছিলেন না। ন্যায়বিচারের নিশ্চয়তা পেলে বাংলাদেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন।

রবিউলের ভারতীয় পাসপোর্ট বাতিলের বিষয়ে সে সময় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছিল। তার ভারতীয় পরিচয়পত্র থাকায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলেও কর্মকর্তারা স্বীকার করেন।

ভারতীয় পাসপোর্টে দুবাইয়ে বসবাস

ডেইলি ওয়াদার পাওয়া আদালতের নথিতে আরাভ খানের ভারতীয় পাসপোর্টের একটি অনুলিপি রয়েছে। পাসপোর্টটি ২০২০ সালের ২৮ জুলাই কলকাতা থেকে ইস্যু করা হয়। এতে তার জন্মতারিখ ১৯৯৩ সালের ৩১ জুলাই এবং জন্মস্থান পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর উল্লেখ করা হয়েছে। বাবার নাম জাকির খান, মায়ের নাম রেহানা বিবি খান এবং স্ত্রীর নাম সাজিমা নাসরিন।

বাংলাদেশি গণমাধ্যমে ২০২৩ সালের মার্চে পুলিশের বরাতে প্রকাশিত রবিউল ইসলামের ভারতীয় পাসপোর্টের তথ্যের সঙ্গে এসব বিবরণের মিল রয়েছে।

নথিতে আরাভ খান জাকির খানের নামে সংযুক্ত আরব আমিরাতের একটি আবাসিক পরিচয়পত্রও রয়েছে। সেখানে তার পেশা উল্লেখ করা হয়েছে 'বিনিয়োগকারী'। ২০২৫ সালের ২৬ জুলাই দুবাই থেকে ইস্যু করা পরিচয়পত্রটির মেয়াদ ২০২৭ সালের ২৫ জুলাই পর্যন্ত।

উল্লেখযোগ্য বিষয় হলো, পরিচয়পত্রটি ইস্যুর সময় তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। একই সঙ্গে বাংলাদেশে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় হওয়ার তিন মাস পর তিনি নতুন এই আবাসিক পরিচয়পত্র পান। এর ৭৭ দিন পরই স্বর্ণ জালিয়াতির ঘটনাটি ঘটে।

তবে দুবাইয়ের আদালতের রায় বা সংশ্লিষ্ট নথিতে আরাভের বাংলাদেশি পরিচয় কিংবা ঢাকার হত্যা মামলায় তার দণ্ডের বিষয়ে আমিরাতের কর্তৃপক্ষ অবগত ছিল কি না, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

টাকা ফেরত দিয়েও বহিষ্কার এড়াতে পারেননি

মামলার নথিতে দেখা যায়, প্রথম দফায় দোষী সাব্যস্ত হওয়ার ১৮ দিন আগে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি, অভিযোগকারী ইজাজ ও তার এক সহকর্মী দুবাইয়ের একটি নোটারির মাধ্যমে লিখিত নিষ্পত্তিপত্রে স্বাক্ষর করেন। এতে তারা ১১ লাখ দিরহাম ফেরত পাওয়ার কথা স্বীকার করেন এবং চার আসামির বিরুদ্ধে আর কোনো দাবি না রাখার ঘোষণা দেন।

আসামিপক্ষের আইনজীবী সাঈদ আল হাশমি আদালতে যুক্তি দেন, অভিযুক্তরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুরো অর্থ ফেরত দিয়েছেন। তাদের সংযুক্ত আরব আমিরাতে বাড়ি, মা-বাবা ও নির্ভরশীল পরিবারের সদস্য রয়েছেন। এ কারণে তাদের প্রতি নমনীয় হওয়ার আবেদন জানান তিনি।

তবে আদালত জানান, আমিরাতের আইনে প্রতারণার মতো অপরাধ ব্যক্তিগত সমঝোতার মাধ্যমে বাতিল করা যায় না। টাকা ফেরত দেওয়ার বিষয়টি সাজা নির্ধারণে কিছুটা বিবেচনায় আসতে পারে, কিন্তু এতে অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই।

একই সঙ্গে আসামিরা বিদেশি নাগরিক এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের বহিষ্কারের নির্দেশও বহাল রাখেন আদালত।

তবে বহিষ্কারের আদেশ বাস্তবায়ন করা হয়েছে কি না, কিংবা আসামিরা দুবাইয়ের সর্বোচ্চ আপিল আদালতে পরবর্তী কোনো আবেদন করেছেন কি না, তা আদালতের নথি থেকে নিশ্চিত হওয়া যায়নি। তাদের কোথায় পাঠানো হবে, সে বিষয়েও কোনো তথ্য নেই।

আরাভের ভারতীয় পাসপোর্ট থাকায় তাকে বাংলাদেশে না পাঠিয়ে ভারতে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে। কারণ, সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ মানেই বাংলাদেশে প্রত্যর্পণ নয়। ফলে বাংলাদেশে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরাভের শেষ পর্যন্ত কোথায় গন্তব্য হবে, তা এখনো অনিশ্চিত।

এ ছাড়া মামলার নথিতে কিছু অসংগতিও পাওয়া গেছে। অভিযোগপত্রে প্রতারণার তারিখ ২০২৫ সালের ১৩ অক্টোবর উল্লেখ করা হলেও আদালতের পর্যবেক্ষণে ঘটনাটি ১১ অক্টোবর সংঘটিত হয়েছে বলে বলা হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষ দাবি করেছিল, সিসিটিভি ফুটেজে সুমিতের ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ রয়েছে। কিন্তু রায়ে প্রসিকিউটরদের কাছে তার স্বীকারোক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এমআর/