একটা মারবে দুইটা মারবো, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
একটা মারবে দুইটা মারবো, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা

কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও পাল্টা প্রতিরোধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। সেখানে তার বক্তব্য হিসেবে লেখা হয়, ‘একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’

এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে গিয়ে একই ধরনের বক্তব্য দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো।’

পরে অবশ্য আমির হামজার ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে কার্ডটিতে ২১ হাজার ৮০০-এর বেশি প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়ে।

জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের দায়ী করেছেন শাজাহান আলী ও সংসদ সদস্য আমির হামজা। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে আহত ব্যক্তিদের দেখতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান আমির হামজাসহ জামায়াতের নেতারা। সেখানেই তিনি দলীয় কর্মীদের উদ্দেশে ওই বক্তব্য দেন বলে ভিডিওতে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি।

আমির হামজার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস বলেন, সংসদ সদস্য তখন একটি মাহফিলে ছিলেন। রাতে সাংগঠনিক সভায় যোগ দিতে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। ছড়িয়ে পড়া বক্তব্যটি তিনি শুনেছেন বলেও জানান মোমিন বিশ্বাস। তবে ফেসবুকে ফটোকার্ড প্রকাশের বিষয়ে তার জানা নেই।

/এমআর/