ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ আসন পুড়ে গেলেও চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভুলতা গাউছিয়া পরিবহন’ নামের বাসটি ভুলতা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ব্যক্তি বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়।

এ সময় বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি সড়কের পাশে থামান। পরে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এরই মধ্যে বাসটির অধিকাংশ আসন পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুলহাস বলেন, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীদের দ্রুত পদক্ষেপের কারণে সবাই নিরাপদে বাস থেকে নামতে পেরেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

/এমআর/