শিরোনাম

কলাপাড়ায় ৩৬০ ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

পটুয়াখালী সংবাদদাতা
কলাপাড়ায় ৩৬০ ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৩৬০ কিশোরী ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া)-এর সহযোগিতায় ‘নিরাপদ জীবন জীবিকা’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ পিস স্যানিটারি ন্যাপকিন, ১ বোতল স্যাভলন, একটি গোসলের সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার।

সামগ্রী বিতরণের আগে কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সুরক্ষা বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশের পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য।

প্রকল্পের অর্গানাইজার এলবাট শোভন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী ইউপি সদস্য মাহফুজা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, ইউপি সহকারী সচিব সগীর মাতুব্বর এবং মহিপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

প্রধান অতিথির বক্তব্যে ম্যাটিল্ডা টিনা বৈদ্য বলেন, প্রয়োজনীয় উপকরণের সংকটে অনেক ছাত্রী বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে। এ ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সহায়তা করবে।

বিশেষ অতিথি মাহফুজা বেগম বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

/এসআর/