শিরোনাম

৭ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ জেলায় বন্যার আশঙ্কা
বন্যার পানিতে তলিয়ে গেছে লোকালয়

ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলোর কিছু স্থানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন এসব নদ-নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় আগামী তৃতীয় থেকে পঞ্চম দিনে (২০-২২ জুলাই) ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনও এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর কিছু পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কীর্তনখোলা, লোয়ার-মেঘনা, পশুর, ইছামতি, কর্নফুলী, লিটল ফেনী, নোয়াখালী খাল ইত্যাদি নদীগুলোয় বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান রয়েছে। আগামী একদিন এসব নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে ।

/এসবি/