শিরোনাম

চীনা শিক্ষককে বিয়ে করলেন চবির হল সংসদের এজিএস

চবি সংবাদদাতা
চবি সংবাদদাতা
চীনা শিক্ষককে বিয়ে করলেন চবির হল সংসদের এজিএস
অধ্যাপক ঝিহুয়া ঝাং ও সুমাইয়া আক্তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবাব ফয়জুন্নেসা হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সুমাইয়া আক্তার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বর একজন চীনা নাগরিক। ঝিহুয়া ঝাং নামের ওই ব্যক্তি বর্তমানে চবির ওশানোগ্রাফি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

সুমাইয়া নিজেই শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, গত ১৪ জুলাই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ঝিহুয়া ঝাংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

জানা গেছে, সুমাইয়া আক্তার চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। সর্বশেষ, গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হল থেকে এজিএস নির্বাচিত হন তিনি।

তার বর ঝিহুয়া ঝাং চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের রাজধানী শহর জিনানের বাসিন্দা। তিনি শানদং ইউনিভার্সিটির তাইশান ডিস্টিংগুইশড প্রফেসর। গত বছরের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন।

এর আগে, ঝিহুয়া ঝাং বেইজিং নরমাল ইউনিভার্সিটির পূর্ণকালীন অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রভাষক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এজিএস সুমাইয়া আক্তার আরও জানান, প্রফেসর ঝিহুয়া ঝাং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধও জানিয়েছেন এই শিক্ষার্থী।

/এফআর/