বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিতে বিশেষ উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিতে বিশেষ উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে। ২০৩০ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের শিশুদের শিক্ষার উপযোগী প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন, পরিচর্যা ও বিকাশে অভিভাবকদের যে ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার পরিচয় দিতে হয়, তা অন্য কোনো অভিজ্ঞতার সঙ্গে তুলনীয় নয়। একজন অভিভাবক হিসেবে তারা যে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণাদায়ক।

ববি হাজ্জাজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের বিষয়টি শুধু সংশ্লিষ্ট পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আস্থা রাখুন। শুধু আপনাদের সন্তান নয়, দেশের সব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি শিশু তার নিজস্ব সক্ষমতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপার্সন মো. জহির উদ্দিন আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (স্পেশাল চাইল্ড) ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

/এসবি/