শিরোনাম

শীতে কাঁপছে উত্তরের জেলা

নিজস্ব প্রতিবেদক
শীতে কাঁপছে উত্তরের জেলা

শীতে কাঁপছে বাংলাদেশের হিমালয়ের কন্যা খ্যাত জেলা পঞ্চগড়। ভোর থেকে সকাল পর্যন্ত শীতের দাপট জেঁকে বসলেও সূর্য একটু উঠলেই বাড়ছে উষ্ণতার অনুভূতি। টানা ছয় দিন ধরে জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। গত কয়েক দিনের রেকর্ড অনুযায়ী মঙ্গলবার ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫, রোববার ১৪ দশমিক ৭, শনিবার ১৪ দশমিক ২ এবং শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত একই ধারা বজায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

জেলার বাসিন্দারা জানান, রাত ও ভোরের ঠান্ডা বেশ কাঁপিয়ে দিচ্ছে। এক সাইকেলচালক বলেন, ‘রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু সূর্য ওঠার পরেই গরম লাগে, শরীর ঘেমে যায়।’ স্থানীয় এক নারী শ্রমিক বলেন, ‘ভোরে শাল না জড়ালে বের হওয়া যায় না, অথচ দুপুরে গরমে হাঁসফাঁস করতে হয়।’ এক দোকানকর্মীর ভাষ্য, ‘রাতে দু-তিনটা কাপড় পরেও শীত লাগে। কিন্তু দুপুরে সেই কাপড় খুলে ফেলতে হয় গরমে টিকতে না পেরে।’

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাত গভীর হলে শীত বাড়ে। তবে সকাল গড়ালে সূর্যের তাপে তাপমাত্রা দ্রুত বাড়ে। আজ (বুধবার) সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। চলতি মাসের শেষের দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।’