শিরোনাম

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে ঝড়ের আভাস

সিটিজেন ডেস্ক
সন্ধ্যার মধ্যে ২ বিভাগে ঝড়ের আভাস
ঝড় ও বজ্রপাত। ছবি: সিটিজেন গ্রাফিক্স

দেশের ২ বিভাগের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৩ মে) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্ট্রি। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের কিছু কিছু এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

ঝড়-বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেও মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

/জেএইচ/