শিরোনাম

জাতীয় নদী দিবস আজ

সিটিজেন ডেস্ক
জাতীয় নদী দিবস আজ
রাজধানীর তীরবর্তী বুড়িগঙ্গা নদী। ছবি: জাকির হোসেন

আজ ২৩ মে, জাতীয় নদী দিবস। ‘নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এছাড়াও দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, র‌্যালি, নদী পরিষ্কার অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পরিবেশবাদী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো নদী রক্ষায় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

নদীর সঙ্গে দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। নদীকে কেন্দ্র করে একসময় ঢাকা শহরের গোড়াপত্তন হয়। এছাড়া দেশের কৃষি, মৎস্যসম্পদ, ব্যবসা-বাণিজ্য, নৌপরিবহনসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মকাণ্ড গড়ে ওঠে নদীকেন্দ্রিক।

একসময় দেশের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নদীপথ। এখনও দেশের বহু অঞ্চলের মানুষ নদীপথেল ওপর নির্ভরশীল। তবে ক্রমবর্ধমান দখল, দূষণ ও অপরিকল্পিত নির্মাণের ফলে নদী তার অস্তিত্ব হারাতে বসেছে। রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

এছাড়া উজানে অবস্থিত হওয়ায় ভারতের ফারাক্কা বাঁধের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় অসংখ্য নদী নাব্যতা হারিয়ে শুকিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় নদী রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খাল পুনঃখনন, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও নদীদূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যেই কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

নদী কমিশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এ বিষয়ে কাজ করছে। তবে নদী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি কার্যকর তদারকি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

/জেএইচ/