শিরোনাম

স্মার্টফোনে জায়গা খালি করার উপায়

সিটিজেন ডেস্ক
স্মার্টফোনে জায়গা খালি করার উপায়
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু বিপত্তি বাঁধে তখন, যখন ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ফোনের ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি পূর্ণ হয়ে গেলে স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে স্মার্টফোন ধীরগতিতে কাজ করে, হঠাৎ হ্যাং হয়ে যায় এবং জরুরি সময়ে নতুন অ্যাপ ইনস্টল বা ফাইল নামানো অসম্ভব হয়ে পড়ে।

স্মার্টফোন সচল ও দ্রুতগতির রাখতে স্টোরেজ খালি করার কার্যকর উপায়গুলো নিচে দেওয়া হলো:

অব্যবহৃত অ্যাপ ডিলিট করা: আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা মাসের পর মাস ব্যবহার করা হয় না। অথচ এই অ্যাপগুলো ফোনের অনেকটা জায়গা দখল করে রাখে। ফোনের সেটিংস থেকে নিয়মিত এ ধরনের অপ্রয়োজনীয় অ্যাপগুলো খুঁজে বের করে আনইনস্টল বা মুছে ফেলুন।

ক্যাশ মেমোরি পরিষ্কার: প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় কিছু অস্থায়ী তথ্য বা ‘ক্যাশ’ জমা করে। নিয়মিত অ্যাপের ক্যাশ মেমোরি মুছে ফেললে বেশ খানিকটা জায়গা খালি হয়। ফোনের সেটিংস থেকে অ্যাপস অপশনে গিয়ে স্টোরেজ নির্বাচনের পর 'ক্লিয়ার ক্যাশে' ক্লিক করে সহজেই এটি করা সম্ভব।

ক্লাউড স্টোরেজের ব্যবহার: হাই-রেজোলিউশন ভিডিও এবং ছবি ফোনের মেমোরি দ্রুত পূর্ণ করে ফেলে। তবে গুরুত্বপূর্ণ হওয়ায় এগুলো মুছে ফেলাও কঠিন। এক্ষেত্রে গুগল ড্রাইভ বা গুগল ফটোজ-এর মতো ক্লাউড সেবা ব্যবহার করা বুদ্ধিমমানের কাজ। প্রয়োজনীয় ফাইলগুলো ক্লাউডে রেখে ফোন থেকে ডিলিট করে দিন।

বিল্ট-ইন অপটিমাইজেশন: আধুনিক সব স্মার্টফোনেই নিজস্ব ‘স্টোরেজ অপটিমাইজেশন’ টুল থাকে। এটি ফোনের সিস্টেম ফাইলগুলো বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে এবং ফোন পরিষ্কার রাখতে সাহায্য করে।

ফোন রিস্টার্ট করা: ফোনের পারফরম্যান্স ঠিক রাখতে মাঝে মাঝে ফোন রিস্টার্ট করা জরুরি। রিস্টার্ট করলে ফোনের অস্থায়ী সিস্টেম ফাইল এবং ক্যাশ মেমোরি স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হয়। যা ফোনের গতি বাড়াতে সহায়ক।

ই-মেইলে ব্যাকআপ রাখা: গুরুত্বপূর্ণ ফাইল বা ছোট সাইজের ডকুমেন্টগুলো ফোনের ইন্টারনাল মেমোরিতে না রেখে নিজের ই-মেইলে সেভ করে রাখা যায়। এতে ফোনের জায়গা যেমন বাঁচে, তেমনি ফাইলগুলো থাকে নিরাপদ এবং যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেসযোগ্য।

/এসবি/