নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
প্রতীকী ছবি

আবারও নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি তাদের গ্রুপ চ্যাটে সদস্য যুক্ত করার সীমা ১০২৪ থেকে বাড়িয়ে ১৫০০ করার উদ্যোগ নিয়েছে। এর ফলে অ্যাডমিনদের আলাদা আলাদা গ্রুপ না খুলেই আরও বেশি মানুষকে এখন একই আলোচনায় যুক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট নজরদারি করা ওয়েবসাইট ‘ডব্লিউএবেটাইনফো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু করা হচ্ছে। তবে সব ব্যবহারকারীদের জন্য কবে উন্মুক্ত হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

১৫০০ সদস্যের সীমা কারা পাচ্ছেন?

অ্যান্ড্রয়েড ও আইফোনের সাম্প্রতিক সংস্করণে কিছু ব্যবহারকারী এই বাড়তি সীমা পাচ্ছেন বলে জানিয়েছে ডব্লিউএবেটাইনফো।

এটি ধাপে ধাপে চালু হচ্ছে, তাই অনেক ব্যবহারকারী এখনো আগের ১০২৪ সদস্যের সীমাই দেখছেন। এমনকি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল হেল্প সেন্টারেও এখনো এই সীমা দেখাচ্ছে।

পুরোনো গ্রুপের ক্ষেত্রে কী হবে?

হোয়াটসঅ্যাপের নতুন এই উদ্যোগের ফলে অ্যাডমিনদের নতুন করে আর গ্রুপ তৈরি করতে হবে না। এছাড়া কোনো সেটিংসও বদলাতে হবে না। কোনো অ্যাডমিনের অ্যাকাউন্টে সুবিধাটি চালু হলে বিদ্যমান গ্রুপগুলোতেই সর্বোচ্চ ১,৫০০ সদস্য যুক্ত করা যাবে। অর্থাৎ প্রতিটি গ্রুপে আরও ৪৭৬ জন সদস্য যুক্ত করার সুযোগ থাকবে।

আপনার অ্যাকাউন্টে আপডেট এসেছে কিনা বুঝবেন কীভাবে?

আপনি অ্যাডমিন আছেন এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন। এরপর গ্রুপের নামে ট্যাপ করুন। সেখান থেকে সদস্য যুক্ত করার অপশনে যান।

আপনার অ্যাকাউন্টে আপডেটটি এসে থাকলে ১,০২৪ জনের বেশি সদস্য যুক্ত করার সুযোগ তৈরি হবে। আর না এলে ফিচারটি আপনার অ্যাকাউন্টে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে গ্রুপ চ্যাটের সদস্য সীমা ৫১২ থেকে দ্বিগুণ বাড়িয়ে ১,০২৪ করেছিল হোয়াটসঅ্যাপ।

/জেএইচ/