হুয়াংকে ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কেন অপরিহার্য তিনি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হুয়াংকে ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কেন অপরিহার্য তিনি
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও ফিরেছেন সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। এক কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে পদত্যাগের মাত্র ১১ দিন পরই তার এ প্রত্যাবর্তন। তবে হুয়াংয়ের ফেরা কেবল একজন শীর্ষ কর্মকর্তার পদ ফিরে পাওয়ার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কোম্পানিটির বিশাল বাজারমূল্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পে আধিপত্য এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।

ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার সদর দপ্তরে সোমবার (২৩ নভেম্বর) কর্মীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কাজে ফেরেন ৬৩ বছর বয়সী হুয়াং। এর আগে বোর্ড চেয়ারম্যান জানিয়েছিলেন, তাকে আর ফিরিয়ে আনার পরিকল্পনা নেই। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে আসে পরিচালনা পর্ষদ। হুয়াংয়ের প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভূমিকা ছিল বলে দাবি করেছেন তিনি নিজেই। অন্যদিকে, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগসহ একাধিক বিষয়ে তদন্ত এখনো চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কী এমন কারণে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান এত দ্রুত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো? হুয়াংকে ছাড়া কি সত্যিই কোম্পানিটির সামনে বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল?

এনভিডিয়ার অফিস
এনভিডিয়ার অফিস

কী হয়েছিল এনভিডিয়ায়

এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রধান জেনসেন হুয়াং ১২ নভেম্বর পদত্যাগ করেন। তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নেতৃত্ব দিতেন। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তার দাবি, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল। নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে।

তবে বেইজিং অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করলেও তা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তার বিরুদ্ধে কোম্পানির আরও অন্তত দুইজন কর্মকর্তার সঙ্গে সম্পর্কের অভিযোগও ওঠে।

হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পর থেকেই এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশ্লেষকদের আশঙ্কা ছিল, তাকে হারালে কোম্পানিটির বাজারমূল্যের বড় অংশ কমে যেতে পারে। কেউ কেউ ধারণা করেছিলেন, এর ফলে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটির মূল্যায়ন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

শেয়ারবাজারেও সেই উদ্বেগের প্রভাব পড়ে। ২০ নভেম্বরের মধ্যে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ২৭ দশমিক ৭ শতাংশ কমে যায়। কোম্পানিটির বাজারমূল্য নেমে আসে ৩ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে। তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণা আসার পর পরিস্থিতি পাল্টে যায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির বাজারমূল্য আবারও বেড়ে ৩ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

সব মিলিয়ে বাজারের চাপ এবং ট্রাম্প প্রশাসনের তৎপরতার মধ্যে শেষ পর্যন্ত হুয়াংকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এনভিডিয়ার বোর্ড। ফিরে এসে এক বিবৃতিতে হুয়াং বলেন, একটি নতুন শিল্প বিপ্লবের শুরুতে এনভিডিয়াতে ফিরে এসে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি প্রযুক্তি কোম্পানির নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

ডোনাল্ড ট্রামের সঙ্গে জেনসেং হুয়াং ও ইলন মাস্ক
ডোনাল্ড ট্রামের সঙ্গে জেনসেং হুয়াং ও ইলন মাস্ক

হুয়াংকে ফেরাতে কারা চাপ দিচ্ছিল

হুয়াংয়ের পদত্যাগের পর সিলিকন ভ্যালির প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তাকে আবারও সিইও পদে ফিরিয়ে আনার দাবিতে একটি অনলাইন আবেদন শুরু হয়। এতে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কসহ ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন।

আবেদনে প্রকাশিত চিঠিতে বলা হয়, একটি স্বাধীন তদন্তে প্রকৃত তথ্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জেনসেনকে ফিরিয়ে আনুন, যতক্ষণ না আপনারা এমন জোরালো প্রমাণ দেখাতে পারছেন যে তাকে অপসারণ করা এনভিডিয়ার জন্য সর্বোত্তম।

তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ট্রাম্প প্রশাসনের বলে জানা গেছে। সিলিকন ভ্যালির কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ নিয়ে একটি ‘ওয়ার রুম’ গঠন করেন এবং হোয়াইট হাউসে তদবির চালান। ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যা চেয়েছিলাম, বোর্ড তাই করার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের মতে, জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে বোর্ডের কিছু উদ্বেগ ছিল। সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমরা যা কিছু জানি, তার ভিত্তিতে অন্তত তাদের আশ্বাস দিয়েছি, আর আমরা অনেক কিছুই জানি।

এনভিডিয়া লোগো
এনভিডিয়া লোগো

বোর্ডের অবস্থান বদলাল যেভাবে

এনভিডিয়ার প্রধান নির্বাহী হলেও কোম্পানির পরিচালনা পর্ষদের ওপর একক নিয়ন্ত্রণ নেই জেনসেন হুয়াংয়ের। কোম্পানিতে তার মালিকানা ৩ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ, নিজের ইচ্ছায় বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তন করার মতো ভোটাধিকার তার নেই। এ ক্ষেত্রে মেটার প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে তার পার্থক্য রয়েছে। জাকারবার্গের অর্থনৈতিক মালিকানা ১৩ দশমিক ৪ শতাংশ হলেও কোম্পানির প্রায় ৬০ শতাংশ ভোটাধিকার তার নিয়ন্ত্রণে।

হুয়াংয়ের প্রত্যাবর্তনের দাবি জোরালো হওয়ার সময় তিনি নিজেও জানিয়েছিলেন, বোর্ড যদি তাকে ফিরিয়ে আনাকে প্রতিষ্ঠানের জন্য ভালো মনে করে, তাহলে তিনি সম্মানিত বোধ করবেন। কিন্তু এনভিডিয়ার বোর্ড চেয়ারম্যান হার্ভি জোন্স প্রথমে বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, হুয়াং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং আর ফিরবেন না।

এরপর বোর্ড অভ্যন্তরীণ তদন্তের জন্য নতুন একটি কমিটি গঠন করে। পাশাপাশি বাণিজ্যিক নিয়মকানুন মেনে চলা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি পর্যবেক্ষণে জাতীয় নিরাপত্তা ও রপ্তানি নিয়ন্ত্রণ কমিটিও গঠন করা হয়। তবে কয়েক দিনের মধ্যেই বোর্ডের অবস্থান বদলে যায়। সোমবার (২৩ নভেম্বর) হার্ভি জোন্স জানান, জেনসেনই এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি এবং তার পুনর্বহাল আমাদের শেয়ারহোল্ডার, কর্মচারী, অংশীদার ও গ্রাহকদের জন্য সর্বোত্তম।

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বোর্ড মার্কিন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেছে এবং সেই মতামতের ভিত্তিতে বোর্ড নিশ্চিত যে হুয়াং-এর পুনর্বহাল কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল

হুয়াংয়ের প্রত্যাবর্তনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা ছিল অন্যতম আলোচিত বিষয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাকে ফিরিয়ে আনার বিষয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে।

ট্রাম্পের যুক্তি ছিল, তিন দশক ধরে এনভিডিয়াকে গড়ে তোলা হুয়াংয়ের বিকল্প নেতৃত্ব খুঁজে পাওয়া সহজ নয়। কোম্পানিটির প্রযুক্তি পরিকল্পনা, বড় গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বোস্টন কলেজের কৌশল, উদ্ভাবন ও প্রযুক্তি বিভাগের সহযোগী ডিন আলেকজান্ডার টমিক বলেন, আমি মনে করি পদক্ষেপটি নজিরবিহীন। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কর্পোরেট বোর্ডের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্টি করেছেন। ট্রম্পের এ ভূমিকা যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর সরকারের প্রভাব নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।

শেয়ারবাজারের ধাক্কা সামলাতেই কি ফেরানো হলো হুয়াংকে

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার শেয়ারদর কমতে শুরু করে। বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়, দীর্ঘদিনের প্রধানকে ছাড়া কোম্পানিটি এআই শিল্পে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে কি না।

১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ কমে যায়। এতে বাজারমূল্যেও বড় ধাক্কা লাগে। কিন্তু বোর্ডের পক্ষ থেকে হুয়াংকে ফিরিয়ে আনার ঘোষণা আসার পর সোমবার দিনের শুরুতে শেয়ারের দাম প্রায় ৩১ শতাংশ বেড়ে যায়। কোম্পানিটির বাজারমূল্যে যোগ হয় প্রায় এক ট্রিলিয়ন ডলার।

শুধু এনভিডিয়া নয়, এর প্রভাব পড়ে পুরো শেয়ারবাজারে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক বাড়ে ৬ দশমিক ৫ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক বাড়ে ৪ দশমিক ৭৫ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচকের মোট বাজারমূল্যের প্রায় ৪০ শতাংশ প্রযুক্তি ও এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর দখলে। ফলে এনভিডিয়ার মতো বড় প্রতিষ্ঠানের শেয়ারদরে পরিবর্তন পুরো বাজারেই প্রভাব ফেলতে পারে।

এশিয়ার বাজারেও দেখা যায় ইতিবাচক প্রবণতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিউল, টোকিও ও তাইপের প্রধান শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। তাইওয়ানের বাজার ৯ শতাংশের বেশি, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৬ দশমিক ৮ শতাংশের বেশি এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ৮ শতাংশ বাড়ে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এআই দুনিয়ায় এনভিডিয়ার গুরুত্ব

জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার অন্যতম বড় কারণ এআই শিল্পে এনভিডিয়ার অবস্থান। বর্তমানে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরিচালনার জন্য যে বিশেষ ধরনের প্রসেসর প্রয়োজন, তার বড় অংশই সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ এআই ডেটা সেন্টারের অন্যতম প্রধান উপাদান। বৈশ্বিক এআই ডেটা সেন্টার জিপিইউ বাজারের প্রায় ৯০ শতাংশ এনভিডিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও মেটার মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের এআই ডেটা সেন্টার তৈরি ও পরিচালনায় এনভিডিয়ার চিপের ওপর নির্ভরশীল। ফলে কোম্পানিটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন হলে তা শুধু এনভিডিয়ার ব্যবসায় নয়, পুরো প্রযুক্তি খাতেও প্রভাব ফেলতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ ।

চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন

এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আরেকটি বড় দিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা। উন্নত প্রযুক্তির চিপ যেন চীনের হাতে না পৌঁছায়, সে জন্য ওয়াশিংটন বেশ কিছু রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

হুয়াং অবশ্য দীর্ঘদিন ধরেই এসব নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছেন। তার যুক্তি, চীনের বাজার থেকে মার্কিন কোম্পানিগুলোকে সরিয়ে দিলে দেশটির নিজস্ব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। এতে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতই ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে মার্কিন আইনপ্রণেতাদের একটি অংশ মনে করে, এনভিডিয়ার উন্নত চিপ চীনের হাতে গেলে তা সামরিক কাজে ব্যবহার হতে পারে। ফলে বিষয়টি শুধু ব্যবসায়িক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে গেছে।

হুয়াং এনভিডিয়ায় ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডকে বাণিজ্য কালো তালিকাভুক্ত করে। কথিত গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রতিষ্ঠানটির নাম আগেই আলোচনায় এসেছিল।

ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট চীনের কাছে উন্নত চিপ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন এনভিডিয়ার জন্য কেবল নেতৃত্বের সংকট কাটানোর সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ট্রাম্প প্রশাসনের অবস্থান, শেয়ারবাজারের আস্থা, এআই শিল্পে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা।

সূত্র: আল জাজিরা

/এমএকে/