শিরোনাম

মেটা ছাড়ছেন ইয়ান লেকুন, ‘ওয়ার্ল্ড মডেলস’ নিয়ে আসছেন নিজস্ব এআই স্টার্টআপ

নিজস্ব প্রতিবেদক
মেটা ছাড়ছেন ইয়ান লেকুন, ‘ওয়ার্ল্ড মডেলস’ নিয়ে আসছেন নিজস্ব এআই স্টার্টআপ
কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) বিজ্ঞানী ইয়ান লেকুন। ছবি: সংগ্রহীত

প্রযুক্তি জগতে এখন আলোচনার কেন্দ্রে ইয়ান লেকুন। বহু বছর ধরে মেটার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিজ্ঞানী হিসেবে গবেষণা ও নেতৃত্ব দেওয়া এই বিশ্বখ্যাত বিজ্ঞানী এবার নতুন পথে হাঁটছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লেকুন মেটা ছেড়ে নিজস্ব এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন।

লেকুন শুধু মেটার নয়, এআই গবেষণার সামগ্রিক ক্ষেত্রেই অত্যন্ত প্রভাবশালী একটি নাম। নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক, মেটার সিনিয়র রিসার্চার এবং ২০১৮ সালের মর্যাদাপূর্ণ এ. এম. টুরিং পুরস্কারজয়ী এই বিজ্ঞানীকে অনেকেই ‘কম্পিউটার বিজ্ঞানের নোবেলজয়ী’ হিসেবে অভিহিত করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি কয়েক মাসের মধ্যেই মেটায় তাঁর দায়িত্ব শেষ করবেন এবং ইতিমধ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করেছেন।

নতুন স্টার্টআপের কেন্দ্রে থাকবে “ওয়ার্ল্ড মডেলস”—এক ধরনের পরবর্তী প্রজন্মের এআই। এই প্রযুক্তি এআইকে আশপাশের পরিবেশের একটি ‘অভ্যন্তরীণ ধারণা’ গড়ে তুলতে সাহায্য করবে, যাতে সেটি কারণ–ফল বিশ্লেষণ করতে পারে এবং ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে অনুমান করতে সক্ষম হয়। গুগলের ডিপমাইন্ড ও ‘ওয়ার্ল্ড ল্যাবস’ নামের এক স্টার্টআপ ইতিমধ্যে এই ধারণায় কাজ করলেও, এ ক্ষেত্রে লেকুনের কাজকে অনেকেই সবচেয়ে এগিয়ে মনে করেন।

লেকুনের বিদায়ের খবর এমন সময়ে এল, যখন মেটা তাদের এআই গবেষণায় ব্যাপক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী ওপেনএআই, গুগল বা অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে প্রতিষ্ঠানটি সম্প্রতি গঠন করেছে “Meta Superintelligence Labs (MSL)”—যেখানে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো থেকে অন্তত ৫০ জন বিশেষজ্ঞকে দলে টানা হয়েছে।

বর্তমান বড় ভাষা মডেল (এলএলএম) নিয়ে লেকুন আগ থেকেই সমালোচনামুখর। এক্স–এ দেওয়া তাঁর একটি বক্তব্যে তিনি লিখেছিলেন, 'মানুষের চেয়ে স্মার্ট এআই নিয়ন্ত্রণ করার উপায় নিয়ে ভাবার আগে আমাদের আগে এমন একটি সিস্টেম বানাতে হবে, যে অন্তত একটি বিড়ালের মতো বুদ্ধিমান।' তাঁর এই মন্তব্যেই স্পষ্ট—বাণিজ্যিক প্রতিযোগিতার দ্রুত দৌড়ের চেয়ে তিনি বেশি গুরুত্ব দেন দীর্ঘমেয়াদি, বাস্তবসম্মত গবেষণাকে।

বিশ্লেষকেরা মনে করছেন, লেকুনের প্রস্থান মেটার জন্য বড় ক্ষতি। তিনি শুধু একজন গবেষক নন—মেটার এআই গবেষণা-পরিচয়ের অন্যতম স্থপতি। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠানের প্রাথমিক এআই গবেষণা ইউনিট দাঁড়িয়ে গিয়েছিল।