নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে যে স্মার্টফোনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে যে স্মার্টফোনে

মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে কিংবা দুর্বল সিগন্যালের কারণে জরুরি মুহূর্তে ফোনকল করতে নানা সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে মোবাইল টাওয়ারের ওপর নির্ভর না করেই কাছাকাছি থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুবিধা দিতে নিজেদের স্মার্টফোনে ‘আলট্রালিংক’ প্রযুক্তি যুক্ত করেছে ইনফিনিক্স।

প্রতিষ্ঠানটির দাবি, আলট্রালিংক সুবিধাসম্পন্ন একই ব্র্যান্ডের দুটি স্মার্টফোন ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক বা টাওয়ার ছাড়াই ভয়েস কলের পাশাপাশি বার্তা ও ছবি আদান-প্রদান করা সম্ভব।

ইনফিনিক্সের তথ্যমতে, খোলা জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে আলট্রালিংক সুবিধাযুক্ত দুটি ফোনের মধ্যে সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরত্ব পর্যন্ত যোগাযোগ স্থাপন করা যায়। ইনফিনিক্সের সাম্প্রতিক এক গবেষণায় হট ৭০ প্রো ৫জি মডেলে এই সুবিধার কার্যকারিতাও পাওয়া গেছে। তবে স্থান, পরিবেশ এবং ব্যবহৃত ফোনের মডেল অনুযায়ী যোগাযোগের পরিসর কমবেশি হতে পারে।

ইনফিনিক্স জানিয়েছে, আলট্রালিংক প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বিকল্প হিসেবে কাজ করার জন্য তৈরি নয়। বরং নেটওয়ার্ক সিগন্যাল না পাওয়া গেলে এটি অতিরিক্ত যোগাযোগব্যবস্থা হিসেবে ব্যবহার করা যাবে। বিশেষ করে দুর্গম এলাকা, দুর্বল নেটওয়ার্কের স্থান কিংবা জরুরি পরিস্থিতিতে কাছাকাছি থাকা পরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সুবিধাটি কাজে আসতে পারে।

বর্তমানে ইনফিনিক্সের হট ৭০ সিরিজ, নোট ৬০ সিরিজ এবং স্মার্ট ২০ সিরিজের নির্দিষ্ট মডেলে আলট্রালিংক সুবিধা পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি মডেলের স্মার্টফোনে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এসবি/