হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই এজেন্ট

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই এজেন্ট

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। এর ফলে হোয়াটসঅ্যাপেই এআই এজেন্ট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এই এআই এজেন্টের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার পাশাপাশি করণীয় তালিকা, বার্তার খসড়া ও দৈনন্দিন কাজের পরিকল্পনাও তৈরি করা সম্ভব হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই তৃতীয় পক্ষের তৈরি এআই এজেন্ট যুক্ত করা যাবে। ব্যবহারকারীরা প্রতিটি এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণ করতে পারবেন। এ সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপ এজেন্ট নির্মাতাদের একটি এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ‘কী’ সরবরাহ করবে। ওই ‘কী’ ব্যবহার করে সংশ্লিষ্ট এআই এজেন্টকে তার নির্মাতা প্রতিষ্ঠানের সেবার সঙ্গে সংযুক্ত করা যাবে।

তবে এআই এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথন সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না। কারণ, এসব এজেন্ট পরিচালনা করবে তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান। হোয়াটসঅ্যাপ মূলত বার্তা আদান-প্রদানের প্রক্রিয়াটি পরিচালনা করবে। ফলে এআই এজেন্টের সঙ্গে শেয়ার করা তথ্য সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো একই মাত্রার নিরাপত্তা পাবে না।

নতুন সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে সর্বোচ্চ ৫টি এআই এজেন্ট ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহারকারী যে বার্তা বা কনটেন্ট সরাসরি এআই এজেন্টের সঙ্গে শেয়ার করবেন, কেবল সেগুলোতেই এজেন্টের প্রবেশাধিকার থাকবে। অর্থাৎ ব্যবহারকারীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট, পরিচিতদের ফোন নম্বর কিংবা ফোনে সংরক্ষিত ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে দেখার সুযোগ এআই এজেন্টগুলোর থাকবে না।

হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মাধ্যমে নতুন সুবিধাটির পরীক্ষা চালাচ্ছে। পরীক্ষার ফলাফল ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে সুবিধাটি আরও বিস্তৃতভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

/এসবি/