শিরোনাম

আকাশপথে ভ্রমণ আরও সহজ করতে অ্যাপলের নতুন ডিজিটাল আইডি সুবিধা

আকাশপথে ভ্রমণ আরও সহজ করতে অ্যাপলের নতুন ডিজিটাল আইডি সুবিধা
এ ডিজিটাল আইডি মিলবে আইফোন ও অ্যাপল ওয়াচ উভয়েই। ছবি: অ্যাপল

আকাশপথে ভ্রমণকে আরও সুবিধাজনক করতে নতুন এক ডিজিটাল আইডি ফিচার চালু করেছে অ্যাপল। এই সুবিধার মাধ্যমে যাত্রীরা পরিচয়পত্র ডিজিটালভাবে প্রদর্শন করতে পারবেন, ফলে বিমানবন্দরে বোর্ডিং প্রক্রিয়া হবে আরও দ্রুত ও ঝামেলামুক্ত।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ব্যবহারকারীরা এখন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ‘অ্যাপল ওয়ালেট’ অ্যাপে যোগ করতে পারবেন। এরপর বিমানবন্দরের টিএসএ চেকআউটে এটি বৈধ পরিচয়পত্র হিসেবে দেখানো যাবে।

যাদের কাছে বৈধ পাসপোর্ট আছে, কিন্তু এখনও ড্রাইভিং লাইসেন্সকে ‘রিয়াল আইডি’তে আপগ্রেড করা হয়নি, তারাও এবার পাসপোর্টের হার্ডকপি সঙ্গে না নিয়েই অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে পারবেন। ‘রিয়াল আইডি’ নিয়ে দীর্ঘদিন ধরে ভ্রমণকারীদের নানান অসন্তুষ্টি থাকায় অ্যাপলের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

ডিজিটাল আইডি সুবিধাটি আইফোন ও অ্যাপল ওয়াচ—উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। অ্যাপলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আড়াইশটির বেশি বিমানবন্দরের টিএসএ চেকপয়েন্টে এই পরিষেবা গ্রহণযোগ্য হবে।

তবে ফিচারটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রযোজ্য। আন্তর্জাতিক ভ্রমণে এটি ব্যবহার করা যাবে না। সব টিএসএ কর্মীর কাছে এখনও ডিজিটাল আইডি স্ক্যানের উপযোগী ডিভাইস নেই, ফলে কিছু স্থানে এই সুবিধা কার্যকর নাও হতে পারে—এ কারণে ব্যবহারকারীদের পাসপোর্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাপল জানিয়েছে, ভবিষ্যতে আকাশপথের বাইরে অন্যান্য ক্ষেত্রেও ডিজিটাল আইডির প্রয়োগ বাড়ানো হবে। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বয়স যাচাই–সহ অন্যান্য পরিচয় নিশ্চিতকরণে এই আইডি ব্যবহার করতে পারবে।

আইওএস ১৬–এর সঙ্গে প্রথমবার ডিজিটাল আইডির ঘোষণা দেয় অ্যাপল। পাসপোর্ট যুক্ত হওয়ায় এখন এটি ওয়ালেট অ্যাপে সমর্থিত সরকারি পরিচয়পত্রগুলোর তালিকায়ও অন্তর্ভুক্ত হলো।

এখন পর্যন্ত অ্যাপল ওয়ালেট যুক্তরাষ্ট্রের ড্রাইভিং লাইসেন্স ও স্টেট আইডিও গ্রহণ করে—যদিও সেগুলো কেবল ১২টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোতেই পাওয়া যায়। এগুলো ‘রিয়াল আইডি’ না হওয়ায় আকাশপথে ভ্রমণের জন্য বৈধ হিসেবে বিবেচিত হবে না।