তোয়ালে ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তোয়ালে ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো

গোসলের পর শরীর মোছার কাজে ব্যবহৃত তোয়ালে অনেকেই বারান্দায় শুকাতে দেন। পরদিন আবার সেটিই ব্যবহার করেন। এভাবে দিনের পর দিন একই তোয়ালে ব্যবহারের অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু তোয়ালেটি বাইরে থেকে পরিষ্কার দেখালেও এর ভাঁজে জমে থাকতে পারে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস। বিশেষ করে ভেজা কিংবা স্যাঁতসেঁতে তোয়ালে হয়ে উঠতে পারে জীবাণুর বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, অপরিষ্কার ও আর্দ্র তোয়ালে ব্যবহারের ফলে ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ ও সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে তোয়ালে ব্যবহারের পাশাপাশি নিয়মিত পরিষ্কার ও সংরক্ষণের বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সাধারণত তিন থেকে চারবার ব্যবহারের পর তোয়ালে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তবে ব্যবহারের পর তোয়ালে ঠিকমতো না শুকালে আরও দ্রুত ধুয়ে ফেলতে হবে। কারণ, শরীর মোছার সময় তোয়ালেতে ঘাম, ত্বকের মৃত কোষ ও শরীরের প্রাকৃতিক তেল জমা হয়। দীর্ঘদিন এসব উপাদান জমে থাকলে ত্বকে র‌্যাশ, ব্রণসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

গোসল কিংবা হাত-মুখ মোছার পর তোয়ালে বাথরুমে বা ঘরের কোনো স্যাঁতসেঁতে কোণে ফেলে রাখা উচিত নয়। আর্দ্র পরিবেশে জীবাণু দ্রুত বংশবিস্তার করতে পারে। তাই ব্যবহারের পর তোয়ালে এমন জায়গায় মেলে দিতে হবে, যেখানে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করে। সম্ভব হলে সরাসরি রোদে শুকিয়ে নেওয়া ভালো।

ধোয়ার পরও তোয়ালে থেকে ভ্যাপসা গন্ধ বের হলে সেটি আর ব্যবহার না করাই ভালো। একইভাবে তোয়ালেতে স্থায়ী দাগ, ফাঙ্গাস কিংবা ছত্রাকের উপস্থিতি দেখা দিলে সেটি বাদ দিতে হবে। কারণ, শুধু ধুয়ে ফেললেই সব ক্ষেত্রে এসব জীবাণু দূর নাও হতে পারে।

দীর্ঘদিন ব্যবহারের ফলে তোয়ালের সুতা উঠে যেতে পারে। এতে কাপড়ের স্বাভাবিক কোমলতা নষ্ট হয়ে তোয়ালে শক্ত ও খসখসে হয়ে যায়। পাশাপাশি পানি শোষণের ক্ষমতাও কমে আসে। এমন অবস্থায় পুরোনো তোয়ালে ব্যবহার না করে নতুন তোয়ালে নেওয়াই ভালো।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তোয়ালে নিয়মিত ধোয়া, ব্যবহারের পর ভালোভাবে শুকানো এবং প্রয়োজন অনুযায়ী বদলে ফেলার অভ্যাস গড়ে তোলা জরুরি।

/এসবি/