বরগুনায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, যানবাহনে ভাঙচুর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বরগুনায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, যানবাহনে ভাঙচুর
বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

বরগুনার আমতলীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি চলাচলরত কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী হঠাৎ ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন। এরপর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের একপর্যায়ে সড়কে থাকা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিক্ষোভকারীদের সড়কে অবস্থান নিয়ে যানবাহনে ভাঙচুর চালাতে দেখা যায়। কিছুক্ষণ বিক্ষোভের পর তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে পালিয়ে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

/এমআর/