শিরোনাম

বিশ্বকাপের মধ্যেই সুখবর পেলেন দিবালা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের মধ্যেই সুখবর পেলেন দিবালা
আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা

চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা না পেলেও ক্লাব ফুটবলে বড় সুখবর পেয়েছেন পাওলো দিবালা। ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান আরও এক মৌসুমের জন্য সুসংহত করেছেন এই আর্জেন্টাইন তারকা। ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত করার সুযোগও রাখা হয়েছে এতে।

মূলত বেশ কয়েক সপ্তাহ আগেই ইতালিয়ান এ ক্লাবের সঙ্গে দিবালার চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। তবে ক্লাবের অভ্যন্তরীণ আর্থিক হিসাব-নিকাশের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য উভয় পক্ষ কিছুটা অপেক্ষায় ছিল। অবশেষে সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দিবালার ক্লাবটিতে থেকে যাওয়ার বিষয়টি ঘোষণা করতে যাচ্ছে রোমা। জানা গেছে, নতুন চুক্তিতে এই ফরোয়ার্ডের বেতন উল্লেখযোগ্য হারে কমছে। তবে এর সাথে যুক্ত রয়েছে আরও এক বছর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি বাড়ানোর শর্ত।

রোমায় ইতোমধ্যে চার মৌসুম কাটিয়ে সমর্থকদের অন্যতম প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন দিবালা। নতুন চুক্তির সুবাদে রোমার জার্সি গায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। এর আগে জুভেন্টাসের হয়ে টানা সাত মৌসুম খেলেছিলেন তিনি, যার মধ্যে ২০১৬-১৭ মৌসুমে দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছেন। তবে ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের।

/এমএকে/