শিরোনাম

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন স্কালোনি
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার প্রতি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কথিত পক্ষপাতিত্ব ও বিশেষ সুবিধা দেওয়ার গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের এ আলোচনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

মায়ামিতে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাঠের লড়াইয়ের পাশাপাশি অবধারিতভাবেই উঠে আসে আর্জেন্টিনার প্রতি ফিফার কথিত পক্ষপাতের বিষয়টি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, প্রশ্নটি শোনার পরপরই স্কালোনি স্পষ্ট করেন কীভাবে তার দল এসব গুঞ্জন থেকে নিজেদের দূরে রাখে। তিনি জানান, দল এসব আলোচনা থেকে দূরে থাকে কেবল সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার মাধ্যমে।

স্কালোনির সহজ পরামর্শ, সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে না তাকালেই এসব ভিত্তিহীন তথ্য বিভ্রান্তি তৈরি করতে পারবে না। বর্তমান যুগে লাইক আর রিটুইটের সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। তাই এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো-মন্দ দুই দিকই আছে উল্লেখ করে স্কালোনি আক্ষেপের সুরে জানান, দুর্ভাগ্যবশত এখানে আজেবাজে কথা মুহূর্তের মধ্যে এক সেকেন্ডেই সবখানে ছড়িয়ে পড়ে। তবে এসব নেতিবাচক চর্চায় কান না দিয়ে আর্জেন্টিনা দল কেবল নিজেদের খেলাতেই মনোযোগ ধরে রাখতে বদ্ধপরিকর।

/এমএকে/