শিরোনাম

উসকানি নয়, মাঠের খেলায় ভরসা স্পেন কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
উসকানি নয়, মাঠের খেলায় ভরসা স্পেন কোচের
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের মহারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নিজেদের পরিকল্পনা ও খেলার ওপরই পুরো আস্থা রাখছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের কোনো রকম উসকানিতে কান দেবে না তার দল। একই সঙ্গে ফাইনালের মতো বড় মঞ্চের মর্যাদা বজায় রাখতে রেফারিকেও দারুণভাবে ম্যাচ পরিচালনার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ কোচ।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, তারা মাঠের স্বাভাবিক ছন্দে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কোনো ধরনের মানসিক যুদ্ধে জড়ানো তাদের লক্ষ্য নয়, তবে এর মানে এই নয় যে আর্জেন্টিনা মাঠে কোনো নেতিবাচক কিছু করবে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে ফুটবল দুনিয়ায় নানা আলোচনা চললেও সেসব বিতর্ক এড়িয়ে গেছেন তিনি। উল্টো প্রতিপক্ষের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে ‌এ মাস্টারমইন্ড বলেন, টানা দুটি কোপা আমেরিকা জেতা এবং বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটির প্রতি তার দারুণ সম্মান রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার কোচের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় দলটিকে তিনি বেশ উঁচু চোখেই দেখছেন।

শিরোপার লড়াই নিয়ে কথা বলতে গিয়ে দে লা ফুয়েন্তে এক রোমাঞ্চকর মন্তব্য করেন। তিনি জানান, প্রতিবার বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে গেলেও তিনি খুশি থাকবেন। কারণ এই বড় মঞ্চে পৌঁছানো এবং চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি করাটাই সবচেয়ে বড় ব্যাপার। আর্জেন্টিনাকে ছন্দে থাকা শক্তিশালী দল হিসেবে মেনে নিয়ে তিনি বলেন, স্পেনের মূল লক্ষ্য থাকবে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের শক্তিকে নিষ্ক্রিয় করা।

তিনি আশাই করছেন, ফাইনাল ম্যাচটি যেন দুই দলের আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের এক দারুণ প্রদর্শনী হবে। মাঠের রোমাঞ্চকর লড়াইয়ে ছোটখাটো বিষয়গুলো রেফারি যেন বেশ গুরুত্ব দিয়ে সামলান, সেই অনুরোধও করেছেন দে লা ফুয়েন্তে। সব মিলিয়ে, স্পেনের কোচের কথা থেকে স্পষ্ট যে, ফাইনালে কোনো মনস্তাত্ত্বিক লড়াই নয়, বরং সুন্দর ফুটবল দিয়েই বিশ্বজয় করতে চায় তার দল।

/এমএকে/