ভারতের জালে এক হালি গোল ব্রাজিলের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারতের জালে এক হালি গোল ব্রাজিলের
গোল উদযাপনে ব্রাজিল ফুটবল দল

ঐতিহাসিক ম্যাচে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ৪-০ গোলে হারিয়েছে ভারতকে। জোড়া গোল করেন স্যামুয়েল নিনো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে এবারই প্রথম খেললো ভারত।

দুই দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে পার্থক্য ১৩২। প্রত্যাশিত জয়ই পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

২৭ মিনিটে ডি-বক্সের জটলা থেকে সুযোগ বুঝে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান।

৪১ মিনিটে ডান দিক থেকে গড়া আক্রমণে ভারতীয় ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো।

৫৩ মিনিটে ডান দিক থেকে বক্সে ঢুকে পড়েছিলেন রায়ান উইলিয়ামস। তার নিচু শট সরাসরি সহজেই রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলেও ভাগ্য বদলাতে পারেনি স্বাগতিকরা।

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় নামা স্যামুয়েল লিনো গোল করেন ম্যাচের ৫৮ মিনিটে। যদিও এই গোলের ক্ষেত্রে ভারতের ডিফেন্ডার বিজয় ভার্গেসের ভুলটা বেশি। তিনি বলের দখল ছেড়ে দেন এবং লিনো সেটি পেয়ে যান। বক্সের ডানদিক থেকে বাঁকানো শটে গোল করেন।

৬০ মিনিটে রায়ান উইলিয়ামস বক্সের বাঁদিক থেকে বল নিয়ে ওঠেন। তার শটে ব্রাজ়িলের গোলকিপার পেদ্রো মরিস্কোকে পরাস্ত করেন। কিন্তু বদলি হিসেবে নামা ব্রাজিলের মাউরো গোলের সামনে থেকে বল ক্লিয়ার করেন। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান ৪-০ করেন স্যামুয়েল লিনো।

ম্যাচে ৬৬ শতাংশ সময়ে বল দখলে রাখে সেলেসাওরা। তাদের ২০ শটের ৭টি ছিল লক্ষ্যে। ভারতের ৯ শটের ৩টি ছিল লক্ষ্যে।

প্রীতি ম্যাচে আনচেলত্তি দলকে খেলান ৪-৩-৩ ফরমেশনে। প্রথমার্ধে স্বাগতিকদের বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধের নানা সময়ে খেলোয়াড় পরিবর্তন করেন তিনি। গোলরক্ষক বাদে শুরুর একাদশের ১০ জনকেই বদল করেন আনচেলত্তি। ভারতের কোচ খালিদ জামিলও শুরুর একাদশের ১১ খেলোয়াড়কেই বদল করেন। তিনি দলকে খেলান ৪-২-৩-১ ফরমেশনে।

/টিই/