জিটিএ ৬-এর অপরাধ ভিডিও গেমের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান মার্কিন পুলিশ বিভাগের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জিটিএ ৬-এর অপরাধ ভিডিও গেমের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান মার্কিন পুলিশ বিভাগের
জিটিএ ৬ এর পোস্টার

বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬) ঘিরে বিশ্বজুড়ে গেমারদের উত্তেজনা এখন তুঙ্গে। তবে গেমের কাল্পনিক অপরাধ জগতের রোমাঞ্চ যেন বাস্তবে রাস্তায় নেমে না আসে, সেজন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার সব পোস্ট দিয়ে তারা গেমারদের মনে করিয়ে দিচ্ছেন- গাড়ি চুরি, রাস্তায় বেপরোয়া রেসিং বা সহিংসতা গেমের পর্দায় মানালেও বাস্তব জীবনে তা ঘোরতর অপরাধ।

আটলান্টা পুলিশ বিভাগ তাদের বার্তায় বাসিন্দাদের ভার্চুয়াল বিনোদন আর বাস্তব জীবনের সিদ্ধান্তকে এক না করার অনুরোধ জানিয়েছে। রসিকতা করে তারা বলেছে, জিটিএ কোনো বাস্তব জায়গা নয়, কিন্তু আটলান্টা বাস্তব! পাশাপাশি তারা সতর্ক করে দিয়ে বলেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়াভাবে গাড়ি চালানো, গাড়ি চুরি এবং সহিংসতার বাস্তব পরিণতি রয়েছে। এগুলোকে খেলার মধ্যেই রাখুন। আমাদের রাস্তায় এগুলোকে নিয়ে আসবেন না।

কলোরাডোর অরোরা পুলিশ বিভাগ আবার গেমের কাল্পনিক রাজ্য'লিওনিডার সঙ্গে তাদের নিজেদের শহরের পার্থক্য বুঝিয়ে দিয়েছে। তারা মনে করিয়ে দিয়েছে, দোকান লুট, হামলা কিংবা গাড়ি চুরি বাস্তবে ফৌজদারি অপরাধ। গেমের মতো বাস্তবে পুলিশের কোনো ছয়-তারকা ওয়ান্টেড-লেভেল সিস্টেম নেই। এখানে এক তারকা পেলেই সোজা হাতকড়া পরতে হবে। একই রাজ্যের ডেনভার পুলিশও গাড়ি চুরি ও পুলিশকে ধাওয়া দেওয়ার মতো কাজ গেমের ভেতরেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে। তাদের বার্তায় বলা হয়েছে, সোফায় বসে জিটিএ ৬ খেলার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। প্রকৃত রাস্তাগুলো আমরা সামলাব, আর ভার্চুয়ালগুলো আপনারা সামলান।

ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি পুলিশ বিভাগও পিছিয়ে নেই। শহরের রাস্তাকে রেসট্র্যাক বানানো বা পুলিশের গাড়ি চুরির চেষ্টা না করার পরামর্শ দিয়ে তারা জানিয়েছে, গেমের মতো বাস্তব জীবনে দ্বিতীয়বার জীবন ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে টেক্সাসের সান জুয়ান পুলিশ বিভাগ গেমারদের উদ্দেশ্যে বলেছে, জিটিএ ৬-এ যা ঘটে, তা জিটিএ ৬-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে।

রকস্টার গেমসের তৈরি জিটিএ ৬ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর থেকেই বাণিজ্যিকভাবে রীতিমতো ঝড় তুলেছে। ২০১৩ সালে জিটিএ ৫ আসার দীর্ঘ ১৩ বছর পর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্সএস-এর জন্য গেমটি বাজারে এসেছে। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস বা এর মূল সংস্থা টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো আনুষ্ঠানিক বিক্রির হিসাব না দিলেও, তারা এর চাহিদাকে অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছে। তবে অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম সেন্সর টাওয়ারের হিসাব বলছে, প্রি-অর্ডার ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে গেমটি ইতোমধ্যে ২.৩৬ বিলিয়ন ডলার আয় করেছে এবং বৃহস্পতিবার দিন শেষেই এর ২ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার কপি বিক্রি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/