দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে নতুন মুখ বেন ম্যাককিনি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে নতুন মুখ বেন ম্যাককিনি
টপ অর্ডার ব্যাটার বেন ম্যাককিনি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন ডারহামের তরুণ ওপেনার বেন ম্যাককিনি। হাঁটুর চোটে পড়া জ্যাকব বেথেলের জায়গায় ২২ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটারকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টপ-অর্ডারের ব্যাকআপ ব্যাটার হিসেবে অভিজ্ঞ অলি পোপের বদলে তরুণ ম্যাককিনির ওপরই ভরসা রাখলেন ইংলিশ নির্বাচকেরা।

জুলাই থেকেই হাঁটুর কার্টিলেজের সমস্যায় ভুগছিলেন জ্যাকব বেথেল। আগে একবার অস্ত্রোপচার হলেও চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় পুরোনো ব্যথা আর ফোলাভাব ফিরে আসায় আবারও ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে তাকে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতেই আগামী বছরের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।

বুধবার ইনস্টাগ্রামে এক পোস্টে বেথেল লেখেন, ‘দুর্ভাগ্যবশত, এ বছর আমি আইপিএলে অংশ নিতে পারছি না। হাঁটুর সমস্যা পুরোপুরি সারিয়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাব।’ এ চোটের কারণে আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের বাংলাদেশ সফর এবং মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও তার খেলা নিয়ে বড়সড় শঙ্কা তৈরি হয়েছে।

বেথেলের জায়গায় সুযোগ পাওয়া ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বেন ম্যাককিনির ক্রিকেটে আসার গল্পটা বেশ চমকপ্রদ। কৈশোরে ইংলিশ ফুটবল ক্লাব সান্ডারল্যান্ডের একাডেমিতে মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি। তবে ১৬ বছর বয়সে বুটজোড়া তুলে রেখে ব্যাট-বল হাতে তুলে নেন। ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ ওপেনার সদ্যসমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে দারুণ ছন্দে ছিলেন। তিনটি সেঞ্চুরিসহ ৫২.২০ গড়ে ১ হাজার ৪৪ রান করে ডারহামকে শিরোপা জেতানোর পাশাপাশি দলের সর্বোচ্চ রানসংগ্রাহকও হন তিনি। এছাড়া সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে সেন্ট কিটস সফরে একদিনের ম্যাচে মাত্র ৬৫ বলে ১৫ চার ও ১০ ছক্কায় ১৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়েন।

গত মাসে কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেও এবং পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরের মূল দলে জায়গা হলো না অলি পোপের। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলতে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন তিনি।

আগামী সপ্তাহেই পিটারমারিৎজবার্গে প্রস্তুতি ক্যাম্প করতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে ইংল্যান্ড টেস্ট দলের প্রথম বহর। ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের পরের দুটি টেস্ট ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে এবং ৩ থেকে ৭ জানুয়ারি কেপটাউনে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ড টেস্ট দল

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম প্যাটারসন-হোয়াইট, এমিলিও গে, অলি রবিনসন, জেমি স্মিথ, বেন ম্যাককিনি এবং জশ টাং।

/এমএকে/