‘স্বর্ণের ডিম’সহ গ্রেপ্তার তিন আসামি ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘স্বর্ণের ডিম’সহ গ্রেপ্তার তিন আসামি ৫ দিনের রিমান্ড
রিমান্ডপ্রাপ্ত ৩ আসামি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন– মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিবুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।

এর আগে, গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই তিন জনকে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন থানার এসআই আবুল কালাম।

আজ (রবিবার) মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডে পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

/এফআর/