মেসির ভোট পেয়ে যা বললেন ইব্রাহিম মাজা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মেসির ভোট পেয়ে যা বললেন ইব্রাহিম মাজা
ইব্রাহিম মাজা

টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। তবে কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর থেকে আলোচনায় আছেন বেয়ার লেভারকুসেনে খেলা তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারের জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজন। সেই ভোটদাতার নাম লিওনেল মেসি। বিষয়টি জানার পর বিস্মিত হয়েছেন আলজেরিয়ান এই ফুটবলার নিজেও।

কোপা ট্রফিতে ভোট দেন সাবেক ব্যালন ডি’অর জয়ীরা। এবারের ভোটে অধিকাংশের পছন্দের তালিকায় ছিলেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। মেসিও তাদের ভোট দিয়েছেন। তবে এই দুই স্প্যানিশ তরুণের পর নিজের তৃতীয় পছন্দ হিসেবে রেখেছেন মাজাকে।

মেসির মতো কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মাজা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমে আমি (ক্লাবের) ম্যাচের দিকেই মনোযোগ দিতে চেয়েছিলাম। বিষয়টি মাথা থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম। এরপর অনেক বার্তা আসতে শুরু করে। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, খবরটি সত্যি নাকি মিথ্যা তা জানার জন্য। মেসির কাছ থেকে এমন কিছু আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন ফুটবলারের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য বড় সম্মানের।’

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার হয়ে একই ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি ও মাজা। মাজা ৮২ মিনিট পর্যন্ত খেলেছিলেন, আর মেসি মাঠ ছাড়েন ৮০ মিনিটে।

চলতি মৌসুমে মাজা সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করেছেন তিন গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি। ২০২৫ সালের গ্রীষ্মে লেভারকুসেনের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেন মাজা।

/টিই/