৬৫ বছর বয়সে মাঠে নামলেন, গোলও করলেন!

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৬৫ বছর বয়সে মাঠে নামলেন, গোলও করলেন!
সুরিনামের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ক্লাব ইন্টার মোয়েনগোটাপোর মালিক রনি ব্রুনসউইক

বয়স ৬৫। তবে ফুটবলের নেশা কমেনি। এমনকি নিজেই নাম তুলেছেন একাদশে। করেছেন গোলও। বলছি, সুরিনামের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ক্লাব ইন্টার মোয়েনগোটাপোর মালিক রনি ব্রুনসউইকের কথা।

শনিবার পলিসি ভুয়েটবল ভ্রেন্ডেনের বিপক্ষে তার দল ৫-০ ব্যবধানে জয় পেয়েছে।

ম্যাচে তখন ইন্টার মোয়েনগোটাপো ৪-০ তে এগিয়ে। পেনাল্টি পায় দলটি। রেফারি স্পট কিকের নির্দেশ দিতেই এগিয়ে যান ব্রুনসউইক। বলও জালে পাঠান তিনি। প্রতিপক্ষ গোলরক্ষকও ব্রুনসউইকের শট ঠেকানোর তেমন চেষ্টা করেননি।

সুরিনামের সাবেক এই রাজনীতিক ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

রাজনীতির পাশাপাশি ফুটবলেও দীর্ঘদিন ধরে সক্রিয় ব্রুনসউইক। ২০২১ সালে ৬০ বছর বয়সে কনকাকাফ লিগে হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। তার দল ৬-০ গোলে হেরেছিল।

ম্যাচ শেষে প্রতিপক্ষের ড্রেসিংরুমে খেলোয়াড়দের অর্থ বিতরণের ভিডিও ছড়িয়ে পড়লে তদন্তে নামে কনকাকাফ। দুই ক্লাবকেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। ব্রুনসউইককে দেওয়া হয় তিন বছরের নিষেধাজ্ঞা।

সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াইয়ে ঠিকই নিজেদের কাজটা করে যাচ্ছে ইন্টার মোয়েনগোটাপো। সুরিনামের ফুটবল লিগে ১১বার চ্যাম্পিয়ন তারা। এবারও প্রথম তিন ম্যাচেই পেয়েছে জয়।

/টিই/