শিরোনাম

বিশ্বকাপে আর্জেন্টিনার অবিশ্বাস্য পাঁচ প্রত্যাবর্তন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
 বিশ্বকাপে আর্জেন্টিনার অবিশ্বাস্য পাঁচ প্রত্যাবর্তন
মিসরের বিপক্ষে ম্যাচে গোর করার পর লিওনেল মেসি

চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের এক মহাকাব্যিক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের এই শ্বাসরুদ্ধকর জয় ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়ল আলবিসেলেস্তেরা। তবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর এমন রোমাঞ্চকর গল্প আর্জেন্টিনার জন্য নতুন কিছু নয়। বিশ্বমঞ্চে শুরুতে গোল খেয়েও আলবিসেলেস্তেদের অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেওয়ার এমন কীর্তি রয়েছে আরও পাঁচবার। ইতিহাসের পাতা থেকে আর্জেন্টিনার সেই গৌরবময় প্রত্যাবর্তনগুলো নিচে তুলে ধরা হলো:

১৯৫৮ সুইডেন বিশ্বকাপ: প্রথম প্রত্যাবর্তন

বিশ্বকাপের মঞ্চে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার প্রথম জয়টি আসে ১৯৫৮ সালে, উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচের শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে ভেঙে না পড়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ওমর করবাতার পেনাল্টি গোল, নরবার্তো মেন্দেজ এবং লুদোভিকো আভিওর দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

_বিশ্বকাপে আর্জেন্টিনার পাঁচ অবিশ্বাস্য প্রত্যাবর্তন (1)
১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ জেতে

১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ: প্রথম শিরোপার পথে ঘুরে দাঁড়ানো

পরের ঘটনাটি ঘরের মাঠের বিশ্বকাপে। গ্রুপ পর্বের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে সিজার লুইস মেনোত্তির দল। তবে হোম গ্রাউন্ডের দর্শক সমর্থন আর চেনা ছন্দের জোরে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্বাগতিকেরা। লিওপোল্ডো জাসিন্টো লুকু এবং ড্যানিয়েল বার্তোনির লক্ষ্যভেদে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। সেবারই প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল তারা।

১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ: ম্যারাডোনা-ক্যানিজিয়া রসায়ন

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই গোল করে সবাইকে চমকে দেয় নাইজেরিয়া। কিন্তু দিয়েগো ম্যারাডোনার পায়ের জাদু আর ক্লদিও ক্যানিজিয়ার গতিতে দ্রুতই ম্যাচে ফেরে আলবিসেলেস্তেরা। ক্যানিজিয়ার করা দুর্দান্ত জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা।

২০০৬ জার্মানি বিশ্বকাপ: ম্যাক্সি রদ্রিগেজের অবিস্মরণীয় ভলি

২০০৬ জার্মানি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল মেক্সিকো। ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে আর্জেন্টিনা। তবে হার্নান ক্রেসপোর দ্রুত গোলে সমতায় ফেরে দল। এরপর নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাক্সি রদ্রিগেজের নেওয়া এক অবিশ্বাস্য ও চোখ ধাঁধানো ভলি মেক্সিকোর জাল কাঁপায়। তার সেই অবিস্মরণীয় গোলেই ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পায় আর্জেন্টিনা।

_বিশ্বকাপে আর্জেন্টিনার পাঁচ অবিশ্বাস্য প্রত্যাবর্তন (2)
২০২৬ বিশ্বকাপে মিসরের বিপক্ষে গোল করে মেসির উচ্ছ্বাস

২০২৬ বিশ্বকাপ: খাদের কিনারা থেকে মহানাটকীয় জয়

সবচেয়ে নাটকীয় ও ঐতিহাসিক লড়াইটি দেখল চলতি বিশ্বকাপে। শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হয়ে ১৫ এবং ৬৭ মিনিটে গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। নকআউট পর্বের ম্যাচে এ ব্যবধান টপকানো যখন অসম্ভব মনে হচ্ছিল, ঠিক তখনই শুরু হয় বিশ্ব চ্যাম্পিয়নদের আসল ম্যাজিক। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর দুর্দান্ত হেডে ব্যবধান হয় ২-১। এর ঠিক ৪ মিনিট পর, ৮৩ মিনিটে লিওনেল মেসির জাদুকরী গোলে সমতায় ফেরে দল। ম্যাচের ভাগ্য যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক ৯২ মিনিটে এনজো ফার্নান্দেজ দারুণ এক হেডে জয়সূচক গোলটি করেন। ৩-২ ব্যবধানের অবিস্মরণীয় এক জয়ে বীরের বেশে কোয়ার্টার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা।

/এমএকে/