শিরোনাম

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি সংবাদদাতা
সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক
খাগড়াছড়িতে ভারী বর্ষণে ডুবেছে সড়ক

খাগড়াছড়ি জেলায় অতি ভারী বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট বাজার ও মাচালং বাজার সংলগ্ন এলাকায় সড়ক ডুবে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক।

সাজেক কটেজ রির্সোট মালিক সমিতির দপ্তর সম্পাদক জিয়াউল হক বলেন, ‘সড়কের বেশ কয়েকটা অংশ ডুবে গেছে। এতে সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে প্রায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছে। যারা সাজেকে আটকা পড়েছে তাদের রুম ভাড়া ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।’

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা আকতার বলেন, ‘পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে বাঘাইহাট বাজার ও মাচালং বাজারে সড়ক ডুবে গেছে। এতে প্রায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছে। সড়কের পানি নেমে গেলে তাদের নিয়ে আসা হবে।’

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রিজ এবং সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে গেছে। বড় মেরুং, বামে আটারকছড়া ও তেঁতুল এলাকাতেও সড়ক ডুবে রয়েছে। ফলে গতকাল বিকাল মঙ্গলবার বিকাল থেকে দীঘিনালার সঙ্গে লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুধু দূরপাল্লার যানই নয়, স্থানীয় বাসিন্দারাও যাতায়াত করতে পারছেন না। অনেকেই কোমর পর্যন্ত পানিতে ভিজে পথ পাড়ি দিতে দেখা গেছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা উপজেলায় দুর্যোগ টিম গঠন করেছি। মেরুং রাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫টি পরিবার আশ্রয় নিয়েছেন। তাদের খাবার ও সুপেয় পানি দেওয়া হচ্ছে।’

/এসআর/