শিরোনাম

আর্জেন্টিনাকে কখনও হারাতে পারেনি সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে কখনও হারাতে পারেনি সুইজারল্যান্ড
২০১৪ বিশ্বকাপের ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা

রোমাঞ্চকর ও অবিশ্বাস্য এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজদের নৈপুণ্যে ৩-২ ব্যবধানের এক মহাকাব্যিক কামব্যাক উপহার দেয় আলবিসেলেস্তারা। ট্রফি ধরে রাখার মিশনে শেষ আটে এবার তাদের মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড।

অন্যদিকে, কলম্বিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে সুইসরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ভাগ্যের খেলায় বাজিমাত করে তারা। তবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়াটা তাদের জন্য বেশ কঠিন হবে। কারণ, তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের কখনো হারাতে পারেনি সুইজারল্যান্ড। এখন পর্যন্ত দুই দলের ৭ বারের দেখায় ৫টিতেই জিতেছে আর্জেন্টিনা, আর বাকি ২টি ম্যাচ হয়েছে ড্র। অতীত দেখায় ১৯৯০ ও ২০০৭ সালের প্রীতি ম্যাচ দুটিতে ১-১ ফলে ড্র করতে পেরেছিল সুইসরা।

পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার ১৫ গোলের বিপরীতে সুইজারল্যান্ড জালের দেখা পেয়েছে মাত্র ৪ বার। ১৯৬৬ বিশ্বকাপে প্রথম দেখায় ২-০ এবং সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এ ছাড়া ১৯৮০ সালের প্রীতি ম্যাচে ৫-০ গোলের বড় জয়সহ ১৯৮৪ ও ২০১২ সালেও জয় পায় আকাশী-নীলরা। দীর্ঘ ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফুরাচ্ছে এই দুই দলের অপেক্ষা। অতীত ইতিহাস লিওনেল মেসিদের পক্ষে কথা বললেও চলতি টুর্নামেন্টে আলবিসেলেস্তাদের সময়টা খুব একটা মসৃণ কাটছে না। নকআউটের দুটি ম্যাচেই বেশ কষ্টার্জিত জয় পাওয়া আর্জেন্টিনার সামনে এখন কোয়ার্টার ফাইনালে নিজেদের চেনা ছন্দে ফেরার বড় চ্যালেঞ্জ।

/এমএকে/