শিরোনাম

ফ্রান্স আমাদের থেকে ভালো দল নয়: ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্স আমাদের থেকে ভালো দল নয়: ইয়ামাল
স্পেনের তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল

চলমান বিশ্বকাপে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে সুর চড়ালেন স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। ফরাসিদের শক্তির প্রশংসা করলেও বর্তমান স্পেন দলকে তাদের চেয়ে এগিয়ে রাখছেন এই ফরোয়ার্ড। স্প্যানিশ গণমাধ্যম ‘এল পারতিদাযো দে কোপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক পরিসংখ্যান ও মাঠের লড়াইয়ের বিচারে ফ্রান্স কোনোভাবেই স্পেনের চেয়ে ভালো দল নয়।

ফরাসিদের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা নিয়ে ১৮ বছর বয়সী ইয়ামাল বলেন, ইউরো ২০২৪-এর পর থেকে ফ্রান্স আমাদের হারাতে পারেনি। তাদের দলে অসাধারণ কিছু ফুটবলার রয়েছে এবং তারা নিঃসন্দেহে দারুণ দল। কিন্তু আমার মতে, তারা কারও চেয়ে এগিয়ে নেই। আর আমার কাছে স্পেনের ওপরে কোনো দলের স্থান নেই। উল্লেখ্য, ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারানোর পর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও ৫-৪ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছিল স্পেন।

অবশ্য চলতি বিশ্বকাপের মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ বত্রিশে আসার পর সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টারের টিকিটপ্রত্যাশী কিলিয়ান এমবাপ্পের দল। অন্যদিকে, কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা স্পেন অবশ্য পরে সৌদি আরবকে ৪-০ এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে 'এইচ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখে। শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়ার বাধা পেরোতে পারলেই কোয়ার্টার ফাইনালে দেখা যাবে বহুল প্রতীক্ষিত স্পেন-ফ্রান্স দ্বৈরথ।

স্পেন এখনো তাদের চেনা ছন্দ পুরোপুরি দেখাতে পারেনি বলে উল্লেখ করেন ইয়ামাল। তিনি বলেন, অনেকেই হয়তো আমাদের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিলেন। তবে আমাদের ইউরোপের বাইরের ভিন্ন ঘরানার দলের বিপক্ষে খেলতে হয়েছে, যেখানে বারবার খেলা থামায় ম্যাচগুলো কঠিন ছিল। তবে আমরা যখন নিজেদের আসল ছন্দে ফিরব, তখন স্পেনকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইয়ামাল সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও এখন অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার (২ জুলাই) অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নাও নিতে পারে কোচ।

/এমএকে/