শিরোনাম

মেক্সিকোর জয় উদযাপনের সময় নিহত দুই

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেক্সিকোর জয় উদযাপনের সময় নিহত দুই
মেক্সিকোর জয় উদযাপনে মেক্সিকো সিটিতে সমর্থকদের সমাগম। ছবি: রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে পা রেখেছে সহ-আয়োজক মেক্সিকো। তবে রাউন্ড অব থার্টি-টুর এই স্মরণীয় জয়ের আনন্দ মেক্সিকো সিটিতে মুহূর্তেই রূপ নিয়েছে চরম বিষাদে। প্রিয় দলের জয় উদযাপন করতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন দুই সমর্থক। মেক্সিকো সিটির শহর কর্তৃপক্ষ এ মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

শহরের স্বাস্থ্যসচিব জানান, ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় উদযাপন করতে রাজধানীজুড়ে বিপুল মানুষের ঢল নেমেছিল। সেই উপচে পড়া জনসমাগমের মধ্যে পড়ে ১৯ বছর বয়সী এক তরুণী এবং ৪৪ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

এদিকে স্থানীয় কিছু গণমাধ্যমে এ ঘটনায় তৃতীয় আরেকজনের মৃত্যুর খবর প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত করা হয়নি। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটির কারণ জানতে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমএকে/