শিরোনাম

বেলিংহামের মধ্যে জিদানের ছায়া দেখছেন টেরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বেলিংহামের মধ্যে জিদানের ছায়া দেখছেন টেরি
ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহাম

বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের মধ্যে ফরাসি কিংবদন্তির ছায়া খুঁজে পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক জন টেরি।

মিডফিল্ডার হয়েও এবারের বিশ্বকাপে ৬ গোল করেছেন বেলিংহাম। ১৯৮৬ তে ডিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে জোড়া গোল করা প্রথম খেলোয়াড় বেলিংহাম।

শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে ৩-২ ব্যবধানে দলকে জেতান, এরপর কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ জয়ের দুই গোলই আসে তার পা থেকে।

ফিফা পডকাস্টে টেরি বলেন, ‘বিশ্বকাপের শুরুতেই বলেছিলাম, সে আমাকে জিদানের কথা মনে করিয়ে দেয়। এই মুহূর্তে সে একাই দলটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার কাছে সে বিশ্বমানের ফুটবলার। মাঠের বাইরেও তার মধ্যে দারুণ স্থিরতা আছে।’

টেরির সঙ্গে একমত ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার জিলবার্তো সিলভাও। তিনি বলেন, ‘বড় ম্যাচে তারকাদের এগিয়ে এসে দায়িত্ব নিতে হয়। গত দুই বছর ধরে সে সেটাই করছে- প্রথমে রিয়াল মাদ্রিদের হয়ে, এখন বিশ্বকাপে। তার মধ্যে জিদানের মতো অনেক গুণ দেখা যায়। জন টেরির তুলনাটা যথার্থ।’

এবার বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেরি বলেন, ‘সত্যি বলতে, আর্জেন্টিনাকে নিয়ে আমি মোটেও চিন্তিত নই। তাদেরকে আমাদের চেয়ে ভালো মনে করি না। খেলোয়াড়ে-খেলোয়াড়ে তুলনা করলে আমরা এগিয়ে আছি। সবচেয়ে ভালো লাগছে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা নিজেদের পক্ষে নিতে পারছি। মনে হচ্ছে, এবার সময়টা ইংল্যান্ডের।’

/টিই/