শিরোনাম

বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার, মামলায় গ্রেপ্তার ৮৪ হাজার

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার, মামলায় গ্রেপ্তার ৮৪ হাজার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, মব ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে গত ৭২ দিনে ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া বিভিন্ন মামলায় জড়িত থাকায় প্রায় ৮৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, গত ৩০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী মব ও অস্থিতিশীল সৃষ্টিকারী, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযান ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে প্রায় ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সদর দপ্তর জানায়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য মামলায় অভিযান চালিয়ে ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৪৩টি আগ্নেয়াস্ত্র, দুই হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, দুই কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলভার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান ৪টি, রাইফেল ২টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেন গান ১টি।

এছাড়া পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের ও ২০ হাজার ৪৩৯ জন গ্রেফতার হয়েছে।

/এমআর/