শিরোনাম

‘ব্যবসা করতে হলে এককালীন দিবি ২ কোটি টাকা, মাসে ১০ লাখ’

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
‘ব্যবসা করতে হলে এককালীন দিবি ২ কোটি টাকা, মাসে ১০ লাখ’
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানে দিনে-দুপুরে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা নগদ ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির পর না পেয়ে এ হামলা চালানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে নগরীর চন্দনপুরা এক্সেস রোডে অবস্থিত ডিজিটাল ডটনেট-এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, হামলাকারীরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে ডিজিটাল ডটনেটের কার্যালয়ে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। ঘটনায় পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন গণমাধ্যমকে বলেন, ‘দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে আমার কাছে ফোন আসে। ফোনে ইমন বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। মাসে দিবি ১০ লাখ।’ এখন থেকে ব্যবসা আমরা করবো।

তিনি অভিযোগ করে আরও বলেন, ইমনের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় একদল দুর্বৃত্ত আমাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এসব ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসব বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

/এফআর/