শিরোনাম

জিতলে সব ঠিক, হারলে সব কিছু প্রশ্নবিদ্ধ হয়: জার্মানির কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জিতলে সব ঠিক, হারলে সব কিছু প্রশ্নবিদ্ধ হয়: জার্মানির কোচ
জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। ছবি: টিএনটি স্পোর্টস

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে ব্যক্তিগত চাপের কথা উড়িয়ে দিয়েছেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। তার মতে, কোচ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের চেয়ে দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য। বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) দিবারাত আড়াইটায় শেষ বত্রিশের এ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের আসরে বেশ দাপটের সাথেই যাত্রা শুরু করেছিল জার্মানি। প্রথম ম্যাচেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পর কোস্টারিকার বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে নকআউট পর্ব নিশ্চিত করে তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে আকস্মিক পরাজয় দলটিকে কিছুটা সমালোচনার মুখে দাঁড় করিয়েছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার তিক্ত স্মৃতি থাকায় এ হার নিয়ে বেশ আলোচনা চলছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া নাগেলসমানের অধীনে জার্মানি পুনরায় চেনা ছন্দে ফিরলেও ফরোয়ার্ড ডেনিস উনদাভকে শুরুর একাদশে না রাখা এবং জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টৎসদের মতো তারকাদের ধারাবাহিকভাবে খেলানো নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা।

অবশ্য এসব সমালোচনাকে একপাশে সরিয়ে রেখে নিজের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়েই চোখ রাখছেন জার্মান কোচ। তিনি জানিয়েছেন, মাঠের বাইরের আলোচনাকে তিনি গুরুত্ব দিতে নারাজ, বরং দলে একটি ইতিবাচক পরিবেশ বজায় রেখে খেলোয়াড়দের ম্যাচ ও পরিস্থিতির জন্য তৈরি করাই তার প্রধান কাজ। নকআউট পর্বের প্রতিপক্ষ প্যারাগুয়েকে ‘অস্বস্তিকর’ ও কঠিন পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছেন নাগেলসমান। তিনি আরও যোগ করেন, চাপ সামলাতে হয় আত্মবিশ্বাস দিয়ে এবং ভালো পরিকল্পনার মাধ্যমে। জিতলে সব ঠিক, হারলে সব প্রশ্নবিদ্ধ হয়। জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচ জেতাই তাদের একমাত্র লক্ষ্য।

/এমএকে/