শিরোনাম

জার্মানির বিপক্ষে ইতিহাস গড়তে চায় প্যারাগুয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জার্মানির বিপক্ষে ইতিহাস গড়তে চায় প্যারাগুয়ে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্যারাগুয়ের খেলোয়াড়রা (২৫ জুন, বৃহস্পতিবার)

চলতি ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হতে যাচ্ছে প্যারাগুয়ে। শক্তি ও ঐতিহ্যের বিচারে প্রতিপক্ষ অনেকটাই এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছে লাতিন আমেরিকার দেশটি। প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো মনে করেন, খেলোয়াড়দের সামনে এটি সবচেয়ে বড় সুযোগ। নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে ফেবারিট জার্মানদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দেওয়া সম্ভব।

যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) দিবাগত রাত আড়াইটায় শেষ ষোলোতে যাওয়ার এ লড়াই শুরু হবে। এবারের বিশ্বকাপে প্যারাগুয়ের যাত্রাটা অবশ্য বেশ কণ্টকাকীর্ণ ছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বের টিকিট কাটে আলফারোর শিষ্যরা। এর মাধ্যমে ২০০২ সালের পর এ প্রথম বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিল তারা।

অন্য দিকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে পা রাখলেও খুব একটা স্বস্তিতে নেই জার্মানি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হার এবং আইভরি কোস্টের বিপক্ষে শেষ মুহূর্তের কষ্টার্জিত জয় জার্মানদের শক্তি ও বর্তমান ফর্ম নিয়ে ফুটবল বিশ্বে নানা প্রশ্ন তুলেছে। প্রতিপক্ষের এ নড়বড়ে অবস্থার ফায়দা তুলতে পুরোপুরি প্রস্তুত প্যারাগুয়ে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্যারাগুয়ে কোচ আলফারো জার্মানিকে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে মেনে নিয়ে জানিয়েছেন, তারা মাঠে সর্বস্ব দিয়ে লড়বেন।

২০২৪ সালের কোপা আমেরিকায় টানা তিন ম্যাচ হেরে বিদায় নেওয়ার পর প্যারাগুয়ের দায়িত্ব নেন এ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য দলের খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নকআউট নিশ্চিত করতে বেশ কয়েক দিন অপেক্ষা করতে হয়েছিল তাদের। এর ফলে ম্যাচের মাত্র এক দিন আগে বোস্টনে পৌঁছায় দলটি। প্রস্তুতির ঘাটতিকে মেনে নিয়েও দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন আলফারো। খেলোয়াড়দের উদ্দেশ্যে তার বার্তা, বিশ্বকাপের মঞ্চ সবার ভাগ্যে জোটে না, তাই এ ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবন বদলে ফেলার সময় এখনই। উল্লেখ্য, এ ম্যাচের জয়ী দল শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্স ও সুইডেন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

/এমএকে/